images

বিনোদন

এগিয়ে থেকেও সংখ্যাগরিষ্ঠতা পেলেন না বিজয়

বিনোদন ডেস্ক

০৪ মে ২০২৬, ০৩:২২ পিএম

তামিলনাড়ুর নির্বাচনে চমক দিয়েছে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজগম (টিভিকে)। জীবনের প্রথম নির্বাচনে অংশ নিয়ে রাজ্যের প্রধান শক্তি হিসেবে উত্থান হয়েছে তাঁর দলের। তবে ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়েছে তারা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনী ফলে দেখা যাচ্ছে, সর্বোচ্চ ১১১টি আসনে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা পেল না টিভিকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসতে বিজয়ের প্রয়োজন ছিল ১১৮টি আসন। জয়ের জন্য তাঁর দলের প্রয়োজন আর মাত্র ৭টি আসন। তবে প্রাথমিক ভোট গণনা শেষ হওয়ায় বাকি ৭টি আসনের জন্য বিজেপি জোট অথবা ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থিত দলের সঙ্গে জোট বাঁধতে হতে পারে বিজয়ের।

এদিকে ২৩ এপ্রিল নির্বাচনের পরপরই বিজয়কে উপমুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ডিএমকে। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি অভিনেতা।

বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার সাথে সাথে স্পষ্ট হতে থাকে যে, ক্ষমতাসীন দল ডিএমকে-কে হটিয়ে জয়ের মালা নিজের গলায় পরতে যাচ্ছেন থালাপতি বিজয়।

bijay

তামিলনাড়ু বিজেপির সহ-সভাপতি ও অভিনেত্রী খুশবু সুন্দর বিজয়ের সাফল্যকে স্বাগত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে বিজয়কে নিজের ভাই হিসেবে সম্বোধন করে তিনি বলেন, বর্তমান সময়ে তামিলনাড়ুর সবচেয়ে বড় তারকা বিজয় এবং তাঁর প্রতি মানুষের বিশাল সমর্থন রয়েছে।

খুশবু সুন্দর আরও জানান, বিজয়ের সঙ্গে জোট হবে কি না, সেই সিদ্ধান্ত বিজয় নিজেই নেবেন। তবে বড় বোন হিসেবে তিনি সবসময় বিজয়ের ভালো চান। যদিও তিনি তাঁর দলের প্রতি অনুগত থাকবেন বলে স্পষ্ট করেছেন। খুশবুর মতে, এমজি রামাচন্দ্রনের সময়ে শুধুমাত্র দলীয় প্রতীক দেখিয়ে ভোট পাওয়ার যে যুগ ছিল, তা এখন আর নেই। ফলে বিজয়কে সরকার গঠন করতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।