বিনোদন ডেস্ক
০৪ মে ২০২৬, ০১:০৪ পিএম
আজ ৪ মে পশ্চিমবঙ্গে চলছে ভোট গণনা। এদিন খবরে কান পেতে রাখার কথা তৃণমূলের সংসদ সদস্য ও টলিউড সুপারস্টার দেবের। অথচ তিনি মন খারাপ করে বসে আছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
১৪ বছরের পথচলার সঙ্গীকে হারিয়ে মন খারাপ দেবের। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন। তার প্রিয় পোষা কুকুর লাকি মারা গেছে। সে কারণেই শোকের চাদরে মুড়ে আছেন এ তারকা।
দেবের দুই পোষ্য—লাকি ও হ্যাপি। সন্তানের মতো দেখেন তাদের। লাকি তার কাছে ছিল বড় ছেলের মতো। ১৪ বছর সঙ্গে ছিল। তাই শুন্যতা যেন বেশিই জাকিয়ে বসেছে। আগে কুকুরে ভয় ছিল দেবের। লাকিকে পেয়ে সেই ভয় কাটে তার। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন।
প্রিয় পোষ্যকে হারিয়ে সামাজিক মাধ্যমে দেব লিখেছেন, “তুমি আমার জীবনের সেরা পাওনা। তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে।”
দেবের ন্যাওটা ছিল লাকি। ঘরে ফিরলে লেজ নাড়িয়ে আহ্লাদ করত। বিদেশ থেকে ফিরলে আদরে ভরিয়ে দিত। দেবও দেখতেন পরিবারের সদস্যের মতো। টলিউডে নিজের ২০ বছর পূর্তি উদযাপনে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে লাকি ও হ্যাপিও ছিল মঞ্চে।