বিনোদন ডেস্ক
০৩ মে ২০২৬, ১১:৪৪ এএম
২০০১ সালে বলিউড বাদশা শাহরুখ খান ও ঐশ্বরিয়ার ‘দেবদাস’ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছবির অন্যতম অভিনেতা মনোজ যোশী। মুক্তির পর যখন গোটা বলিউড সিনেমার সাফল্যে ভাসছে, তখন হাসপাতালের বিছানায় জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর টানা চার দিন কোমায় ছিলেন। কোমা থেকে জ্ঞান ফিরলেও ১৯ দিন পৃথিবীর আলো দেখতে পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার গল্প শুনিয়েছেন অভিনেতা।
অভিনেতার ভাষ্যে, ‘আমি চারদিন কোমায় ছিলাম, আমার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। টানা ১৯ দিন আমি কিচ্ছু দেখতে পাইনি। এটা আমার পুনর্জন্মের মতো।’

মনোজ জানান, দীর্ঘদিন হাসপাতালে থাকায় জমানো সব অর্থ শেষ হয়ে যায়। চিকিৎসার খরচ মেটাতে তাঁর স্ত্রী টিউশনি করানো শুরু করেন।
সুস্থ হওয়ার পর নতুন করে বাঁচার লড়াই শুরু করেন মনোজ। ২০০৩ সালে ‘কেহতা হ্যায় দিল’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফেরেন। খলনায়কের চরিত্রে মাত্র ৪ দিনের জন্য চুক্তি হলেও তাঁর অভিনয় চরিত্রটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ফলে ৪ দিনের চরিত্রটি ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে পরিণত হয়।
এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে অভিনয় করেছেন ‘হাঙ্গামা’, ‘হালচাল’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘হেরা ফেরি’, ‘হাসি তো ফাসি’-র মতো জনপ্রিয় সব সুপারহিট সিনেমায়।

‘দেবদাস’ সম্পর্কে কিছু তথ্য
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছিল সেই সময়ের বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। ছবির সংগীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার। এর আবহ সংগীত তৈরিতে প্রায় দুই বছর সময় লেগেছিল। ১০টি ফিল্মফেয়ার পুরস্কার এবং ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল ছবিটি। পাশাপাশি ২০০২ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এছাড়াও অস্কারে সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছিল এটি।