বিনোদন ডেস্ক
০২ মে ২০২৬, ০৩:০৩ পিএম
শুটিংয়ের শেষের দিকে প্রচারণা শুরু হলো শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’-এর। আজ শনিবার প্রকাশ পেয়েছে ছবির অ্যানাউন্সমেন্ট টিজার।
৫৪ সেকেন্ডের ওই অ্যানিমেটেড ঝলকে একজন রকস্টারের শৈশব, স্বপ্ন, জনপ্রিয়তা, ছন্দপতন, ক্ষ্যাপাটে জীবন উঠে এসেছে। শাকিব নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন টিজারটি। ক্যাপশনে লেখা, ‘একটা গল্প… যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’
প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েছেন শাকিবিয়ানরা। প্রিয় তারকাকে চেনা গণ্ডির বাইরে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তারা। একজন লিখেছেন, ‘‘রকস্টার’ আসবে ঝড়ের গতিতে।’’ অন্য একজনের কথায়, ‘বদলে দেওয়ার মতো গল্প নিয়ে আমাদের মেগাস্টার আমাদের মাঝে আসবে আবার।’
কেউ বলছেন, ‘মেগাস্টার বলে কথা। জাস্ট আগুন হইছে।’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘এই মুভিটা মনে হয় ইতিহাস সৃষ্টি করবে।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ হাজার রিয়্যাকশন পেয়েছে টিজারটি।
গেল ২৮ মার্চ শাকিবের জন্মদিনে প্রকাশ পায় ‘রকস্টার’-এর লুক। যা দেখে যা দেখে ভক্তরা বলেছিলেন, এটি শাকিবের ক্যারিয়ারের সেরা লুক। কারও কথায়, মায়ায় পড়ে যাওয়া মতো লুক। এরপর আরও একটি পোস্টার প্রকাশ পায় যেখানে শাকিবের সঙ্গে সাবিলা নূরকেও দেখা যায়।
দিন চারেকের মধ্যে শেষ হবে ‘রকস্টার’-এর শুটিং। ছবির পরিচালক আজমান রুশো। শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলাকে। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন জাহিদ নিরব। কোরবানি ঈদে মুক্তির কথা ছবিটির।
আরআর