বিনোদন প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম
নাট্যদল বটতলা ফের মঞ্চে আনছে তাদের দর্শকপ্রিয় শিশুতোষ নাটক ‘বন্যথেরিয়াম’। আগামীকাল ১ মে শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির পরপর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকটির নির্দেশক ইভান রিয়াজ। সুকুমার রায়ের হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি অবলম্বনে বন্যথেরিয়ামের নাট্যরূপও দিয়েছেন তিনি।
.jpg_20260430_160534655.jpeg)
গল্পে দেখা যাবে, প্রাণিবিজ্ঞান সংস্থা ওয়াইল্ড ভিশন এক অদ্ভুত প্রজাতির ট্যাঁশ গরুর সন্ধান পায়। এরপর সেটিকে ধরে নিয়ে আসা হয় কোম্পানির প্রেসিডেন্ট হারুর নির্দেশে। এমন অদ্ভুত আর বিরল বন্যপ্রাণীর সন্ধান ওয়াইল্ড ভিশনকে এনে দেয় খ্যাতি। খবর পেয়ে ছুটে আসে বন্যপ্রাণী ব্যবসায়ী মিস হুক্কি; সে আরও ট্যাঁশ গরুর সন্ধান চায়। এরই মধ্যে আরও অদ্ভুত বন্যপ্রাণী আর প্রকৃতির সন্ধান নিয়ে আসে বিখ্যাত গবেষক প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের ভাগনে চন্দ্রখাই। তাঁর কাছে প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের অদ্ভুত অভিযানের কাহিনি শুনে হারু আর মিস হুক্কি রোমাঞ্চিত হতে থাকে। নতুন ব্যবসার ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে ভেবে উৎফুল্ল হয়। তখন তারা অক্সিজেন, খাদ্যচক্র আর পরবর্তী প্রজন্মের কথা ভুলে স্বপ্ন দেখতে শুরু করে সবুজ প্রকৃতিকে ধূসর করে মুনাফা লাভের। চন্দ্রখাইও গল্পের ছলে পৌঁছাতে থাকে তাঁর চূড়ান্ত লক্ষ্যে।
নির্দেশক ইভান রিয়াজ বলেন, ‘তখন ২০১৬ সাল। রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনবিনাশী বিভিন্ন প্রকল্প বাতিলের পক্ষে বাংলাদেশের জনগণের আন্দোলন রাজপথে প্রবল আকার ধারণ করেছে। ঠিক সে মুহূর্তে হাতে এল সুকুমার রায়ের হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি। ভিন্নধর্মী তো বটেই, প্রাণপ্রকৃতি নিয়ে একটি গল্প উপস্থাপন করা যাবে ভেবে চোখ আটকে থাকে এই রচনাতে। সুকুমার রায়ের ছড়াগুলো পড়তে পড়তে একসময় ধরা পড়ে ট্যাঁশ গরু। এরপর আরেকটি ছড়া বোম্বাগড়ের রাজা এসে সম্পাদন করে দিল কর্ম। এভাবেই হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি থেকে তৈরি হলো নতুন এক গল্প বন্যথেরিয়াম। আগামীকাল শুক্রবার মে দিবসে ছুটির দিনে শিশুদের সঙ্গে তাদের অভিভাবকরা নাটকটি উপভোগ করবেন বলে আশা করছি।’
.jpg_20260430_160547665.jpeg)
শিশুতোষ এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহবুব মাসুম, মোহাম্মদ আলী হায়দার, সুমিত তেওয়ারি রানা, আশরাফুল ইসলাম অশ্রু, লায়কা বশীর, কাজী রোকসানা রুমা, আফনান রহমান, অন্তু চন্দ্র নাথ, ফিরোজ শেখ ও মনিরা খাতুন সৃষ্টি, তৌফিক হাসান ভূঁইয়া, হাফিজা আক্তার ঝুমা, জেঈরান জুহী, লোচন পলাশ, সবুজ সরকার।
আরআর