বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম
রাজনীতিতে পা রেখেই নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। মুখভরা বড় বড় বুলি না উড়িয়ে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে অভিনেতা যদি মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন, তাহলে রাজ্যের জনগণের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, নারীদের মাসিক ভাতা থেকে শুরু করে নবজাতকের জন্য সোনার আংটিসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করবেন।
১. নারীদের জন্য মাসিক ভাতা
৬০ বছরের কম বয়সী নারীদের জন্য প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়। নারীদের স্বনির্ভর ও শক্তিশালী করতেই এই পদক্ষেপ।
২. বছরে ৬টি গ্যাস সিলিন্ডার ফ্রি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষের ওপর থেকে রান্নার খরচের চাপ কমাতে প্রতি বছর পরিবারপ্রতি ৬টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
৩. বিয়ের উপহার
গরিব ও পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের জন্য ১ ভরি স্বর্ণ এবং একটি দামি সিল্কের শাড়ি উপহার দেওয়ার কথা বলা হয়েছে। আর্থিক টানাপড়েনের কারণে যেন কোনো মেয়ের বিয়েতে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকে নজর বিজয়ের দলের।
৪. আধুনিক ফ্রি আবাসিক স্কুল
শহর ও গ্রামের শিক্ষার পার্থক্য ঘোচাতে উন্নত মানের ফ্রি আবাসিক স্কুল তৈরির পরিকল্পনা করেছে টিভিকে। যেখানে থাকবে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ক্লাসরুম। পড়াশোনা করতে পারবে গরিব মেধাবী ছাত্রছাত্রীরা।
৫. ২০ লক্ষ টাকা পর্যন্ত সুদহীন শিক্ষা ঋণ
উচ্চশিক্ষার পথে বাধা হবে না টাকা। দেশে বা বিদেশে পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়া হবে, যার পুরো সুদের দায়িত্ব নেবে সরকার। ফলে ঋণের বোঝা ছাড়াই ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করতে পারবে।

৬. মাদকমুক্ত তামিলনাড়ু
সমাজ থেকে মাদক নির্মূল করতে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মাদক পাচারকারীদের কঠোর শাস্তি এবং আসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে আধুনিক পুনর্বাসন কেন্দ্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়।
৭. ২৫ লক্ষ টাকার ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স
প্রতিটি পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হবে; যাতে কঠিন রোগের চিকিৎসায় সাধারণ মানুষকে ঘটিবাটি বিক্রি করতে না হয়।
৮. বেকার যুবকদের মাসিক ভাতা
চাকরি খোঁজার সময়ে সাহায্য হিসেবে শিক্ষিত বেকারদের মাসে ৪,০০০ টাকা এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য মাসে ২,৫০০ টাকা ভাতার ব্যবস্থা করা হবে।
৯. ৫ লক্ষ নতুন কর্মসংস্থান
শুধু ভাতাই নয়, স্থায়ী কর্মসংস্থানের ওপর জোর নজর বিজয়ের দলের। অভিনেতা ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ক্ষমতায় এলে বিভিন্ন শিল্প খাতে ৫ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি করা হবে।
১০. কৃষক ও আখ চাষিদের ঋণ
যাদের ৫ একরের কম জমি আছে, সেই সব কৃষকদের কৃষি ঋণ মকুব করার ঘোষণা দেওয়া হয়েছে। বিজয়ের দলের হাতে তামিলনাড়ুর দায়িত্ব এলে আখ চাষিদের দীর্ঘদিনের দাবি মেনে আখের ন্যূনতম মূল্য প্রতি টনে ৪,৫০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
শোবিজ অঙ্গন থেকে রাজনীতিতে আসা তারকাদের নিয়ে অনেকের মনে সন্দেহ থাকলেও বিজয় নিজেকে একজন দক্ষ শাসক হিসেবে প্রমাণ করতে মরিয়া। ইতোমধ্যে শেষ হয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। আগামী ৪ তারিখ জানা যাবে কে বসছেন মুখ্যমন্ত্রীর আসনে।
ইএইচ/