বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এএম
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন সবার নজর বুথফেরত জরিপের দিকে। রাজ্যটিতে এবারের নির্বাচনে সবথেকে বড় চমক দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ও তার দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনের শক্ত প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে মাঠে নেমেছেন এই অভিনেতা।
নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় বিজয় সমর্থকদের উপস্থিতি রাজ্যের রাজনৈতিক সমীকরণকে বদলে দিয়েছে। দীর্ঘদিন বিজেপি এবং ভারতীয় কংগ্রেস সমর্থিত জোটের মধ্যে ক্ষমতার পালাবদল চললেও এবারের নির্বাচনে তামিলনাড়ু পেতে যাচ্ছে তাদের নতুন মুখ্যমন্ত্রী। বুথফেরত জরিপে মিলেছে তার আভাস।

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে দেখা যাচ্ছে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। যদি এই পূর্বাভাস শেষ পর্যন্ত বহাল থাকে তবে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন রাজ্যের মানুষ।
তবে পিপলস পালস এবং পিপলস ইনসাইটের মতে বিজয়ের প্রতিপক্ষ ডিএমকে ও তাদের জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে এবং এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টির মতো আসন।

প্রজা পোল এবং পি-মার্ক ভারতীয় কংগ্রেস সমর্থিত ডিএমকে জোটকে এগিয়ে রেখেছে। এর মধ্যে প্রজা পোল বিজয়ের দলকে মাত্র ১ থেকে ৯টি আসন দিলেও পি-মার্ক বলছে তারা ১৬ থেকে ২৬টি আসন পেতে পারে। অন্যদিকে ম্যাট্রিজ এবং জেভিসি-র জরিপে ডিএমকে ও এআইএডিএমকে জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে কামাখ্যা অ্যানালিটিক্সের জরিপ বিজয়ের সমর্থকদের বেশ আশাবাদী করে তুলেছে। সংস্থাটির জরিপ অনুযায়ী বিজয়ের দল যদি ৬৭ থেকে ৮১টি আসন পায় তাহলে রাজ্য সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটার উপস্থিতির হার ছিল ৮২.২৪ শতাংশ।
ইএইচ/