বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে অভিযান চালায় পুলিশ। ওই অভিযান চলাকালে গ্রেফতার করা হয় ১০৪ জনকে। তাদের একজন চিত্রনায়ক মাসুদ শেখ। বার থেকে গ্রেফতার করা হয় তাকে।
নায়ক মাসুদ শেখের গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানা পুলিশের এক কর্মকর্তা। জানা যায় গ্রেফতারের পর মাসুদের তিন দিনের জেল ও দুই হাজার টাকা জরিমানা হয়েছে।
১৯৯৪ সালে ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মাসুদের। সিনেমাটির পরিচালক ছিলেন কাজী হায়াৎ। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। কাজ করেছেন শাবনূরের বিপরীতেও। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে দেশপ্রেমিক', 'পাগলা বাবুল', 'জামিন নাই', 'আসামী বধূ', 'দুর্দান্ত পামেলা', 'কুখ্যাত জরিনা', 'খবর আছে', 'মানুষ কেন অমানুষ', 'টাইম নাই', 'চক্রান্তের শিকার' উল্লেখযোগ্য।
মাসুদের বাবা মজিবুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। ‘হাসনাবাদ কথাচিত্র’ নামের সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঢালিউড পেয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমা।