Dhaka Mail Logo

বিনোদন

এনসিপিতে যোগ দেওয়ায় বাসা ছাড়ার নির্দেশ, অভিযোগ কাফির

বিনোদন ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। নতুন দলে যুক্ত হওয়ার পর থেকে একের পর এক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন তিনি। এবার রাজনীতিতে নাম লেখানোর ফলে বড় ধরণের ধাক্কা খেলেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। 

সোমবার (২৭ এপ্রিল) এক ভিডিও বার্তায় কাফি অভিযোগ করেন, ভিন্ন রাজনৈতিক আদর্শের কারণে তাঁকে বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি একটি বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের চুক্তিও বাতিল করা হয়েছে।

কাফির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

ভিডিও বার্তায় কাফি জানান, গেল কয়েক বছর ধরে তিনি ঢাকা শহরের একটি বাসার চিলেকোঠায় থাকতেন। কিন্তু এনসিপিতে যোগ দেওয়ার পর থেকে বাড়ির মালিকপক্ষের একাংশ নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। কাফি অভিযোগ করেন, বাড়ির মালিকদের মধ্যে একজন সরকারি দলের উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয় হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে তাঁকে বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাফির মতে, শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণেই তাঁকে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে।

kafi

আক্ষেপ প্রকাশ করে কাফি বলেন, ‘সরকারি দলে থাকতে পারলে অনেক সুবিধা আছে। অনেক কিছু না চাইতেও পাওয়া যায়। বাধা-বিপত্তি আসতে চাইলেও আসতে পারে না। এটা অবশ্যই আমার জন্য ধাক্কা। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি এর চেয়েও আরও অনেক বড় বড় ধাক্কা সামলে এসেছি।’

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

বাসা হারানোর পাশাপাশি আর্থিক দিক থেকেও বড় ক্ষতির মুখে পড়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর। তিনি জানান, একটি নামী কোম্পানির সঙ্গে এক বছরের চুক্তিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছিলেন তিনি। কিন্তু এনসিপিতে যোগ দেওয়ার পরদিন থেকে কোম্পানিটি তাঁর সঙ্গে কাজ চালিয়ে নিতে অপারগতা প্রকাশ করেছে। বর্তমানে ফেসবুক থেকে আয় কমে যাওয়ায় ওই কোম্পানির মাসিক সম্মানী তাঁর জীবনের বড় একটি অবলম্বন ছিল। রাজনৈতিক পরিচয়ের কারণে হঠাৎ সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় বেশ আর্থিক সংকটে পড়েছেন তিনি।

ভিডিওর শেষে শুভাকাঙ্ক্ষীদের কাছে কনটেন্ট ক্রিয়েটর কাফি নতুন একটি বাসার সন্ধান চেয়েছেন। ভিডিও তৈরির সুবিধার কথা মাথায় রেখে তিনি বলেন, ‘ঢাকা শহরের ভেতরে যদি কারো খোঁজে চিলেকোঠা এবং বাসা থেকে থাকে তাহলে আমাকে একটু জানায়েন। ভিডিও করি তো তাই ছাদ পেলে ভিডিও করতে একটু সহজ হয়। রুমে বসে আর কত ভিডিও করা যায়।’ 

ইএইচ/