বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম
দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর। বিষয়বস্তু ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এ উপলক্ষে পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্মিতব্য চলচ্চিত্র দুটির মধ্যে একটির শিরোনাম ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ এটির দৈর্ঘ্য হবে ২৫-৩০ মিনিট। বাজেট ২০ লাখ টাকা। অন্যটি হলো ‘ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী চলচ্চিত্র’। ইংরেজি সাবটাইটেলসহ এটির দৈর্ঘ্য হবে ১২-১৫ মিনিট। বাজেট ১০ লাখ টাকা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য তৈরি, কাস্টিং, শুটিং, এডিটিং, ডাবিং ও কালার গ্রেডিংসহ উল্লেখিত শিরোনামে মানসম্পন্ন সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ করতে হবে। যোগ্যতা হিসেবে সেই প্রতিষ্ঠানকে বেশকিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ন্যূনতম ৫ বছর এ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
জানানো হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দপ্তরে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে সিলগালা অবস্থায় আবেদন ও চিত্রনাট্য সরাসরি জমা দেওয়া যাবে।