বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এএম
দেশের বিনোদন ও পর্যটন অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করল ‘চলো ঘুরে আসি’ এবং এর ট্যালেন্ট হান্ট প্ল্যাটফর্ম ‘ফেস অফ টুমোরো’ ভ্রমণ। স্টোরিটেলিং ও প্রতিভাকে একই সুতোয় গেঁথে যাত্রা শুরু করল দেশের প্রথম ট্রাভেল-স্টোরি ভিত্তিক সিনেম্যাটিক ফ্র্যাঞ্চাইজি।
মার্কেটার্স ৩৬০ ডিগ্রি আয়োজিত এই প্রকল্পটি দুটি অংশে বিভক্ত। প্রথমত, দেশব্যাপী অভিনয়শিল্পী অন্বেষণ কার্যক্রম ‘ফেস অফ টুমোরো’, যার মাধ্যমে আগামীর দক্ষ অভিনয়শিল্পী খুঁজে বের করা হবে। দ্বিতীয়ত, সেই নির্বাচিত নতুন মুখদের নিয়ে দেশের অপেক্ষাকৃত অপ্রচলিত ভিন্ন ১০ লোকেশনে নির্মাণ করা হবে ১০টি ‘ছোট সিনেমা’। প্রতিটি ছোট সিনেমার সময়সীমা হবে ২০ মিনিট।
প্রকল্পটির জন্য সংগৃহীত ৬০০টিরও বেশি বাস্তব ভ্রমণ-গল্প থেকে বাছাইকৃত সেরা ১০টি কাহিনী পর্দায় তুলে ধরবেন দেশের ১০ জন গুণী নির্মাতা। পরিচালকদের এই তালিকায় রয়েছেন, কচি খন্দকার, মাহমুদা সুলতানা রীমা, জাহিদ প্রীতম, প্রীতি দত্ত, আলোক হাসান, মাইদুল রাকিব, শ্রাবণী ফেরদৌস, মুহাম্মাদ মিফতাহ আনান, ইফতেখার ইফতি এবং রিজওয়ানুল ইসলাম সানজিদ।
‘ফেস অফ টুমোরো’র মাধ্যমে প্রাথমিক বাছাইকৃত প্রতিযোগীরা একটি ২০ দিনের গ্রুমিং বুটক্যাম্পে অংশ নেবেন, যেখানে অভিনয় ও ক্যামেরা পারফরম্যান্সসহ পেশাদার দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে এবং সর্বপরি ছোট সিনেমার নায়ক নায়িকা হিসবে প্রস্তুত করা হবে। পুরো প্রক্রিয়াটির বিচারক ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিন বরেণ্য ব্যক্তিত্ব, অনিমেষ আইচ, নাজনীন হাসান চুমকি এবং রিচি সোলায়মান। এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসবে ১০টি চলচ্চিত্রের প্রধান কুশীলবরা।
আয়োজক প্রতিষ্ঠান মার্কেটার্স ৩৬০ ডিগ্রি জানায়, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসকে ‘‘ট্যুরিজম মান্থ’ হিসেবে উদযাপন করা হবে এবং ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষ্যে ১০টি ছোট সিনেমা নাগরিক টিভি ও চলো ঘুরে আসি’র -ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
উদ্যোক্তাদের মতে, ‘চলো ঘুরে আসি’ কেবল একটি প্রজেক্ট নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সিনেম্যাটিক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে অদেখা গন্তব্যগুলোকে তুলে ধরা হবে। পাশাপাশি স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশীয় পর্যটন খাতের টেকসই বিকাশে কাজ করা হবে জানিয়েছেন আয়োজকেরা। আর পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে- টাইম ফর ট্রাভেল।
‘ফেস অফ টুমোরো’-এর জন্য রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী প্রতিযোগীরা www.faceoftomorrow.show এ রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যার সময়সীমা আগামী ৩১মে, ২০২৬ পর্যন্ত।