images

বিনোদন

রাজনীতিতে তারকাদের ভিড়, যোগ্যতা নিয়ে প্রশ্ন অভিনেতার 

বিনোদন ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম

আজকাল অভিজ্ঞদের চেয়ে তারকাদের বেশি ভিড়বাট্টা রাজনীতিতে। ত্যাগীদের পাশ কাটিয়ে মূল্যায়নও করা হচ্ছে তাদের। দলের মনোনয়ন নিয়ে হচ্ছেন সংসদ সদস্য। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খারাজ মুখোপাধ্যায়। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন খারাজ। তিনি বলেন, ‘ছোটবেলায় একটা জিনিস দেখতাম, রাজনীতির লোকেরা কেউ খেটে খাওয়া, কিংবা কেউ পড়াশোনা জানা মানুষ। আর একটা জিনিস ছিল। আগে যাঁরা রাজনীতিতে অভিজ্ঞ তাঁরাই রাজনীতি করতেন। এখন তো অভিনেতারাই রাজনীতিতে, কী যোগ্যতা আছে তাঁদের?’ 

এরপর বলেন, ‘আসলে যেকোনো জিনিস করতে গেলে সেটা শিখতে হয়। কিন্তু শুধু দেশ চালানোর ক্ষেত্রে কোনো শিক্ষার দেখি প্রয়োজন পড়ছে না। অভিনেতা-অভিনেত্রীরা কী এমন করেছেন যাঁরা দেশ চালানোর যোগ্যতা রাতারাতি অর্জন করে ফেলেছেন? আসলে আমার আশেপাশে এত মানুষকে দেখলাম নেতা, বিধায়ক, মন্ত্রী হতে, এখন তো এঁদের সতীর্থ বলতেও খারাপ লাগে। আর রাজনৈতিক নেতা-মন্ত্রীরাই বা অভিনেতাদের সাহায্য নেন কেন? প্রশ্ন জাগে। আমি বীতশ্রদ্ধ।’

এ সময় ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘নিজে প্রথম বার যখন ভোট দিই সেই সময় থেকেই যথেষ্ট রাজনৈতিক ভাবে সচেতন মানুষ ছিলাম। কিন্তু বর্তমানে যা হচ্ছে সেটা দেখেশুনে রাজনীতি থেকে নিজেকে মানসিক ভাবে দূরে সরিয়ে নিয়েছি।’