বিনোদন প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম
ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। আজ শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
তিনি বলেন, ‘তারিকুজ্জামান তপন ভাই আজ রাত আনুমানিক আটটার দিকে মারা গেছেন। তাকে আজকেই হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছিল। বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।’
এর আগে গতকাল বৃহস্পতিবার তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
সে সময় তপনের ফেসবুকে তার ছেলে তাছফিক লিখেছিলেন, ‘আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অ্যাডমিট হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
বাবাকে সরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর এবং আর্থিক সয়াহতা চেয়ে পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন। আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে আপনারা যাঁর যাঁর পর্যায় থেকে যতটুকু পারেন, সহযোগিতা করবেন।’
খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত ছিলেন তপন। ভেঙে পড়েছিল শরীর। অর্থাভাবে চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছিল পরিবার। কামনা করছিল সরকারি সহযোগিতা।
তপনের স্ত্রী সাবিনা হেলেন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গেল ডিসেম্বরে রোগ ধরা পড়ে তার। পরে হাসপাতালে নিলে জানা যায় চতুর্থ পর্যায়ে আছে রোগটি। এরইমধ্যে তিনটি কেমো থেরাপি দেওয়া হয়েছে তপনকে। হেলেন বলেছিলেন, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকে, শরীরে প্রচণ্ড ব্যথা।’
তপনের চিকিৎসাসহায়তা চেয়ে হেলেন বলেছিলেন, ‘চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্যের আবেদন করছি।’
একসময় নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়ালেও রোগাক্রান্তের পর বিছানাই ছিল সঙ্গী গুরুতর অসুস্থ তপনের। শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন গেল ফেব্রুয়ারিতে। তার অভিনীত সিনেমা-নাটকের মধ্যে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’ উল্লেখযোগ্য।