বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম
ভালো নেই নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। শরীরে তার বাসা বেঁধেছে ক্যানসার। দীর্ঘদিন রোগটির সঙ্গে লড়াই চলছে তার পরিবারের। ইচ্ছাশক্তি মনোবল সঙ্গে থাকলেও এ লড়াইয়ে এবার দেখা দিয়েছে অর্থাভাব। উপায়ন্তর না দেখে সরকারের সহায়তা চেয়েছেন শুকুর স্বামী গুণী পরিচালক নুরুল আলম আতিক।
সংবাদমাধ্যমকে আতিক বলেন, ‘আমরা নাটকের মানুষ। আমরা যারা নাটক ও চলচ্চিত্রে কাজ করি, তাদের তো আলাদা কোনো সুযোগ–সুবিধা বা কোনো পেনশন নেই। কাজটাই আমাদের ভরসা। হঠাৎ আমাদের মধ্যে কেউ ক্যানসারে আক্রান্ত হলে পরিবারের জন্য সেটা অনেক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমরা নানাভাবে চেষ্টা করছি তার পাশে থাকতে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার ব্যয় আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।’
আরও বলেন, প্রায় আট মাস আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর তাঁকে চেন্নাইয়ে নিয়ে চিকিৎসা করানো হয়। ২৩ এপ্রিল চেন্নাইয়ে চিকিৎসকের কাছে যেতে হবে। এখন সেই প্রস্তুতির মধ্যেই রয়েছেন। এই মুহূর্তে খরচ নিয়ে বেশি ভাবতে হচ্ছে।
সরকারের সহায়তা চেয়ে সবশেষে এ নির্মাতা বলেন, ‘শুরু থেকেই আমাদের পরিবারের দুজনই আমরা নাটক ও সিনেমা পরিচালনা করে আসছি। এটাই আমাদের আয়ের উৎস। গত বছর ক্যানসার ধরা পরার পরে থেকে আমরা কেউই কাজে নিয়মিত নই। এদিকে চেন্নাইতে এর চিকিৎসা খরচ অনেক। এ ছাড়া চিকিৎসা দীর্ঘদিন ধরে করে যেতে হবে। এই অবস্থায় আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।’
ভাষাসৈনিক আবদুল মতিনের কন্যা শুকু। দেশের শোবিজ অঙ্গনে কাজ করছেন দুই দশকের বেশি সময় ধরে। ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।