বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম
দেশের সিনেমা হলগুলোতে তাণ্ডব চালিয়ে বিদেশে মুগ্ধতা ছড়াচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। উত্তর আমেরিকায় (ক্যানাডা ও অ্যামেরিকা) বক্স অফিসে বাংলাদেশী সিনেমার আয়ে নতুন রেকর্ড গড়েছে তানিম নূরের ছবিটি। বিদেশের মাটিতে দেশি সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে থাকা হাওয়া-র লাইফটাইম আয় মুক্তির দুই সপ্তাহে ছাড়িয়ে গেছে তারকাবহুল এ ছবিটি।
আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো ও বক্স অফিস কমস্কোর সূত্রে জানা গেছে, 'হাওয়া' উত্তর আমেরিকায় মুক্তির পর আয় করেছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার।
অন্যদিকে, 'বনলতা এক্সপ্রেস' মুক্তির প্রথম দুই সপ্তাহেই আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার, যা ইতোমধ্যেই নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
'বনলতা এক্সপ্রেস'-এর আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমা চার শ হাজারের ক্লাবে যোগ দিবে এ স্বপ্ন দেখাই যায়।
ছবির পরিচালক তানিম নূর দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন,এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও একধাপ এগিয়ে নিলে আমরা টিম হিসাবে সত্যি গর্বিত হব।
তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকায় ও ইউকেতে মোট ২২টি থিয়েটারে গৌরবময় তৃতীয় সপ্তাহ শুরু করেছে এই শুক্রবার।
‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবন্য চৌধুরী, মাশাসহ অনেকেই। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ। সহ প্রযোজনায় হইচই প্রডাকশন। নিবেদক ইউসিবি। ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। সহযোগী ইউকে পরিবেশক রেভেরলি ফিল্মস।