images

বিনোদন

টাক মাথার ভুঁড়িওয়ালা চরিত্রে টম ক্রুজ, অবাক দর্শক 

বিনোদন ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম

নিজেকে ভাঙচুরে জুড়ি নেই হলিউড তারকা টম ক্রুজের। প্রত্যেকবার পর্দায় ভিন্নভাবে ধরা দেন তিনি। এবারও ব্যতিক্রম হয়নি। তবে অভিনেতাকে টাক মাথার ভুঁড়িওয়ালা অবতার দেখে চমকে গেছেন দর্শক।

লাস ভেগাসে আয়োজিত ‘সিনেমা-কন ২০২৬’-এ ওয়ার্নার ব্রাদার্সের প্রেজেন্টেশনে টম যখন তার নতুন ছবি ‘ডিগার’-এর প্রথম ঝলক দেখান, তখন উপস্থিত দর্শকরা থমকে যান। 

‘ডিগার’- একটি সাইকোলজিক্যাল থ্রিলার ও ডার্ক কমেডি ঘরানার ছবি। এতে টমকে দেখা যাবে বিশ্বের অন্যতম প্রভাবশালী এক তেল ব্যবসায়ীর চরিত্রে। ফার্স্টলুকে টমের মাথায় পাতলা ধূসর চুল, গলায় সাউদার্ন টান এবং বিশাল ভুঁড়ি দেখা গেছে। 

ছবির গল্প নিয়ে বলা হয়েছে, ডিগার রকওয়েলের কোম্পানি ভুলবশত এমন এক পরিবেশগত বিপর্যয় ঘটিয়ে ফেলে, যা গোটা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এরপর মার্কিন প্রেসিডেন্টের (জন গুডম্যান) নির্দেশে পৃথিবীকে বাঁচানোর এক অদ্ভুত মিশনে নামতে হয় তাকে।

লুক প্রকাশের পর টমকে দাঁড়িয়ে সম্মান দেখান হল মালিকরা। আবেগ ধরে রাখতে পারেননি টমও। ধরা গলায় তিনি বলেন, “এই চরিত্রের গভীরতা বুঝতে এবং এই জুতায় পা গলাতে আমার ৪০ বছরের অভিনয় অভিজ্ঞতা লেগেছে। আমি শুধু গালগল্প করতে চাইনি, ডিগার রকওয়েলের পরতে পরতে থাকা পাগলামি ফুটিয়ে তুলতে চেয়েছি।”

এতে টম ছাড়াও অভিনয় করেছেন জন গুডম্যান, রিজ আহমেদ, জেসি প্লেমনস, সান্দ্রা হুলার প্রমুখ। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২ অক্টোবর। পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু।