বিনোদন প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম
আগামীকাল বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। দিনটি পালন করতে আয়োজনে কমতি রাখা হচ্ছে না এবারও। শ্রেণী, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠার অপেক্ষা। তবে সবচেয়ে প্রিয় উৎসব হওয়া সত্তেও এবারের বৈশাখ নিয়ে পরিকল্পনা নেই জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার।
এর পেছনে অন্য কারণ নেই। ঈদের নাটকের কাজ হাতে অভিনেত্রীর। বছরের প্রথম দিনও ক্যামেরার সামনে কাটবে। তাই নববর্ষ উপলক্ষে সেটের বাইরে যাওয়ার সময় সুযোগ মিলছে না এ তারকার।
ঢাকা মেইলকে তিনি বলেন, ‘এবারের পয়লা বৈশাখ নিয়ে কোনো পরিকল্পনা নেই। কেননা ঈদের নাটকের টানা শুটিং চলছে। তাই বৈশাখ উদযাপনে আলাদা করে কোথাও যাওয়া হচ্ছে না। তবে সেটে সবাই মিলে নিজেদের মতো করে উদযাপন করতে পারি। পান্তা ইলিশ খাওয়া হয়তো হবে।’

এর আগে শৈশবের বৈশাখ নিয়ে ঢাকা মেইলকে স্পর্শিয়া বলেছিলেন, ‘আমাদের যতগুলো উৎসব আছে সেগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় পয়লা বৈশাখ। এই দিনটি উদযাপন বাদ দিই না। যেহেতু গরম থাকে ওই কারণে দেখা যায় অনেক সময় বাইরে বের হওয়া হয় না। কিন্তু ঘরোয়া আয়োজন ঠিকই করি। বন্ধুদের দাওয়াত দিই। ভাত-ভর্তাসহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। আর শাড়ি তো অবশ্যই পরি। এদিন শাড়ি পরা মিস হয় না।’
সচরাচর ক্যামেরায় দেখা যায় না স্পর্শিয়াকে। তবে তার অনুরাগীরা ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের মাধ্যমে সে সুযোগ পাচ্ছেন। পাশাপাশি কোরবানি ঈদের নাতক নিয়েও ব্যস্ততা রয়েছে অভিনেত্রীর।