বিনোদন প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
দেশের প্রথিতযশা সংগীত পরিচালক হিসেবে খ্যাতি রয়েছে সুমন কল্যাণের। মনের মতো কথা পেলে নিজের জন্যও সুর মাখেন। এবার তার সন্তান শাক্যজিৎ দিব্য আত্মপ্রকাশ করছে গীতিকার হিসেবে।
বাঙালির প্রধান ও সর্বজনীন অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ নিয়ে গীতিকবি হিসেবে পথচলা শুরু হলো অষ্টম শ্রেণী পড়ুয়া দিব্যর। গানটির শিরোনাম ‘রঙিলা বৈশাখ’। কণ্ঠ দিয়েছেন সন্দীপন। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
গানটি নিয়ে সুমন কল্যাণ বলেন, ‘গানের প্রতি দিব্যর খুব একটা আগ্রহ দেখা যেত না। তবে সে মনযোগী শ্রোতা ছিল। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম ওর আগ্রহ বাড়ছে। সে ড্রামস শিখছে। এরমধ্যে গানও লিখে ফেলল। আশা করি সবার ভালো লাগবে।’
সন্দীপন বলেন, ‘রক্ত কথা বলে। সুমন কল্যাণ আমাদের ইন্ডাস্ট্রির একজন গুণী সংগীত পরিচালক। তার ছেলে গানের পথে হাঁটবে খুব স্বাভাবিক। ওর এই পথচলায় আমি সাথী হলাম। ভালো লাগছে। দিব্যর জন্য আশীর্বাদ।’
প্রথমবার গানের কথা লিখে বেশ উচ্ছ্বসিত দিব্য। তার কথায়, ‘খুব ভালো লাগছে গানটি লিখে। পহেলা বৈশাখের গান। মেলায় আমরা যা যা দেখি, যেভাবে আনন্দ করি সেগুলোই লিখেছি।’
পহেলা বৈশাখের এ গানটি আজ সোমবার সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।