images

বিনোদন

অনুষ্ঠিত হলো শামস সুমন স্মরণানুষ্ঠান ‘আমাদের সুমন’

বিনোদন প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গত ১১ এপ্রিল ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো প্রখ্যাত অভিনেতা, আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামস সুমন স্মরণে বিশেষ স্মরণানুষ্ঠান ‘আমাদের সুমন’।

‘রাবিয়ান সাংস্কৃতিক কর্মী সম্মিলন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণসভায় উপস্থিত ছিলেন শামস সুমনের সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরো আয়োজনজুড়ে ছিল আবেগঘন পরিবেশ, যেখানে বক্তারা স্মৃতিচারণের মাধ্যমে তুলে ধরেন তাঁর বর্ণাঢ্য জীবন, শিল্পচর্চা এবং ব্যক্তিত্বের নানা দিক।

আলোচনা পর্বে বক্তারা বলেন, শামস সুমন ছিলেন প্রাণবন্ত, সৃজনশীল এবং সংস্কৃতিমনা এক মানুষ, যিনি তাঁর অভিনয় ও আবৃত্তির মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, আবুর ক্যান্টিন কিংবা শহীদ মিনার—সবখানেই তাঁর সরব উপস্থিতি ছিল স্মরণীয়। তাঁর অকাল প্রয়াণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

স্মরণানুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশিত হয় আবৃত্তি ও সংগীতের বিশেষ আয়োজন, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে এবং প্রিয় ‘সুমন ভাই’-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শামস সুমনের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের সাংস্কৃতিক কর্মীদের অনুপ্রাণিত করবে। তাঁকে স্মরণ করার এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত ছিল এবং এতে অংশগ্রহণ করেন বিপুলসংখ্যক দর্শক ও শুভানুধ্যায়ীরা।