বিনোদন ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম
বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় পহেলা বৈশাখের গানগুলো। প্রতি বছরই বৈশাখ ঘিরে প্রকাশিত হয়ে নতুন নতুন গান। এবারও ব্যতিক্রম হচ্ছে না। পহেলা বৈশাখ সামনে রেখে কণ্ঠশিল্পী ড. শম্পা দেওয়ান নিয়ে এলেন ‘চল বৈশাখী মেলায়’ শিরোনামের নতুন একটি গান। নূরে আলম মামুনের কথায় গানটি সুর ও সংগীত পরিচালনা করেছেন এস কে সমীর। এতে মডেল হয়েছেন আলিফ ও নুসরাত জাহান ফাতেমা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ দর্শকপ্রিয় নির্মাতা ফারহান আহমেদ রাফাত।
সম্প্রতি ‘চল বৈশাখী মেলায়’ শিরোনামের গানটি আর্ট বক্স মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কণ্ঠশিল্পী ড. শম্পা দেওয়ানের কণ্ঠে ৫০টি গানের অংশ হিসাবে এটি হচ্ছে চার নম্বর গান।
নতুন গান নিয়ে প্রবাসী বাঙালি কণ্ঠশিল্পী ড. শম্পা দেওয়ান বলেন, ‘বৈশাখ আমাদের বাঙালি জীবনের সবচেয়ে বড় ও আনন্দের উৎসব। এই দিনটি শুধু একটি উৎসব নয়, আমাদের সংস্কৃতি, শিকড় আর ভালোবাসার প্রতিচ্ছবি।’
তিনি আরও বলেন, ‘আগে জার্মানিতে থাকলেও এখন লন্ডনে বসবাস করছি। প্রবাসে থেকেও ইউরোপের বিভিন্ন দেশে বৈশাখী অনুষ্ঠানে গান করার জন্য ডাক পাই। প্রতিবারই যখন মঞ্চে উঠি দর্শকদের ভালোবাসায় মনে হয়েছে আমারও যদি একটি বৈশাখ নিয়ে গান থাকত। সেই ভাবনা থেকেই এই গানটি তৈরি। এই গানের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এর কথা ও সুর অনেক দারুণ হয়েছে। আশা করছি, দর্শকদেরও হৃদয়ে গানটি জায়গা করে নেবে।’
এ প্রসঙ্গে আর্ট বক্স মিউজিকের ক্রিয়েটিভ ডিরেক্টর, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘আমাদের উদ্দেশ্য বাংলা গানের শ্রোতাদের জন্য ভালো গান উপহার দেওয়া। সেই ধারাবাহিকতায় এই গানটি। অনেকদিন পর একটি ব্যান্ড স্টাইলের রিদমিক বৈশাখের গান করেছি। আশা রাখছি, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। তাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’