বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর দ্রুত তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল কি না, সে বিষয়ে চিকিৎসকরা এখনই স্পষ্ট কিছু জানাননি।
কিংবদন্তি এই গায়িকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন আশা ভোঁসলে।
১৯৪৩ সালে ক্যারিয়ার শুরু করেন তিনি। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে সংগীতপ্রেমীদের উপহার দিয়েছেন ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘পিয়া তু আব তো আজা’ থেকে শুরু করে মেলোডিয়াস গান ‘দিল চিজ কেয়া হ্যায়’— এর মতো জনপ্রিয় গান। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, আশাববিশ্বের সবচেয়ে বেশি স্টুডিও রেকর্ড করা শিল্পী।
হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন।