Dhaka Mail Logo

বিনোদন

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতল ‘অভিযাত্রিক’

বিনোদন ডেস্ক

২২ জুলাই ২০২২, ০৭:৫৪ পিএম

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬৮তম আসর দখল করে নিল বাংলা চলচ্চিত্র ‘অভিযত্রিক’। শুভ্রজিৎ মিত্র নির্মিত এই চলচ্চিত্রটি এবার সেরা বাংলা ছবির পুরস্কার অর্জন করেছে। সেই সঙ্গে নিজের ঝুলিতে নিয়েছে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কারও।

ছয় দশক আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র ‌ অপুকে রুপালি জগতে পরিচয় করিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়। বিখ্যাত ওই ঔপন্যাসিকের ‘পথের পাঁচালি’ ও ‘অপরাজিত’ উপন্যাসকে তিনভাগে ভাগ করে ট্রিলজি নির্মাণ করেছিলেন সত্যজিৎ।

নির্মাতা ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ১০০টি পাতার ওপর নির্ভর করে ‘অভিযাত্রিক’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন। এতে ‘অপু’ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। সত্যজিৎ রায়ের অপু চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী।

ছবিতে অপুর স্ত্রী’র চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায়। এছাড়া অ্যাডভেঞ্চারপ্রিয় শঙ্করের চরিত্রে আছেন সব্যসাচী চক্রবর্তী। ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায় অভিনয় করেছেন লীলার চরিত্রে, রাণুদির ভূমিকায় দেখা গেছে শ্রীলেখা মিত্রকে।

সাদাকালো আবহে নির্মিত হয়েছে ছবিটি। এটি প্রযোজনা করেছেন গৌরঙ্গ জালান। সহ-প্রযোজক হিসেবে আছেন মধুর ভান্ডারকর।

এবারের আসরে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অজয় দেবগণ ও দক্ষিণি অভিনেতা সুরিয়া। অজয় পুরস্কারটি জিতেছেন ‘তানহাজি: দ্য আনসাং হিরো’ ছবির জন্য আর ‘সুরারাই পোত্রু’ চলচ্চিত্রের জন্য  সুরিয়া।  ‘সুরারাই পোত্রু’তে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করেছেন অভিনেত্রী অপর্ণা বালামুরালি। সিনেমাটি বিচারকদের পছন্দে সেরা নির্বাচিত হয়েছে। অন্যদিকে জনপ্রিয়তার বিচারে সেরা সিনেমার পুরস্কারটি গেছে ‘তনহাজী’র ঘরে। আর সেরা হিন্দি ছবির তকমা পেয়েছে ‘জুনিয়র তুলসীদাস’। এ ছবির শিশু-অভিনেতা বরুণ বুদ্ধদেব বিশেষ বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ছয়টা থেকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। এর মাধ্যমে টানা দুই বছর পর ফের শুরু হলো দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান।

আরআর