বিনোদন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
জনপ্রিয় আমেরিকান র্যাপার কার্ডি বি প্রতারণার শিকার। বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ টাকা খুইয়েছেন তিনি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি কার্ডি বি তার আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হারান। এরপর ওই কার্ড ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ টাকা খরচ করেন। নামী ব্র্যান্ডের পোশাক ক্রয়ে ব্যবহৃত হয়েছে খোয়া যাওয়া অর্থের অধিকাংশ।

নিজের ফেসবুকে লাইভে এসে জানিয়েছেন এ র্যাপার। প্রকাশ করেছেন ক্ষোভ। অপরাধীদের আইনের আওতায় আনার হুমকি দিয়ে কার্ডি বি বলেন, ‘আমার টাকার ব্যাপারে আমি কোনো ছাড় দিই না।’
কার্ডটি কার্ডি বির ফোনের সঙ্গে যুক্ত ছিল। ফলে খরচের নোটিফিকেশন ঠিকঠাক পাচ্ছিলেন। বড় অংকের খরচের নোটিফিকেশনে চোখ বুলিয়ে শুরুতে ভেবেছিলেন তার টিমের কারও কাজ। কিন্তু দ্বিতীয় বারের লেনদেন দেখে তার সন্দেহ হয়।

এরপরই ব্লক করা হয় কার্ডটি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও জানানো হয়। ততক্ষণে মোটা অংক হাপিশ করেছেন অপরাধীরা। র্যাপারের দাবি, তার কাছে থাকা সিসিটিভি ফুটেজে কার্ড ব্যবহারকারী ব্যক্তিদের দেখেছেন। তারা এটিএম বুথ থেকেও টাকা তলার চেষ্টা করেছেন বলে জানান কার্ডি বি।