বিনোদন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে কর্মবিরতিতে গিয়েছিলেন সেখানকার অভিনয়শিল্পী ও কলা কুশলীরা। এ সিদ্ধান্তের একদিন পর এলো নতুন সিদ্ধান্ত। প্রযোজনা সংস্থা ম্য়াজিক মোমেন্টসকে নিষিদ্ধ করে কাজে ফিরছে টলিপাড়া।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার কর্মবিরতি শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, কৌশিক গাঙ্গুলী প্রমুখ। সেখানেই তারা ঘোষণা করেন, ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আর কোনো শিল্পী, টেকনিশিয়ানরা কাজ করবেন না।
রঞ্জিত মল্লিক বলেন, ‘যে প্রযোজনা সংস্থার কাজ করতে গিয়ে রাহুলের মৃত্যু হয়েছে, তাদের সঙ্গে কাজ করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সত্য জানতে চাই। বলতেই হবে ঠিক কী ঘটেছিল ওখানে।’
প্রসেনজিৎ বলেন, ‘কাল (আজ) থেকে টেলিভিশন, সিনেমা—সবকিছুর কাজ শুরু হবে। তবে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন এবং এর সঙ্গে যুক্ত কারও সঙ্গে কোনো কাজ আমরা এই মুহূর্ত থেকে করব না। কারও সঙ্গে আমাদের লড়াই-ঝগড়া নেই। কিন্তু আমাদের পরিবারের একটা ছেলে চলে গেল। আট-নয় দিন অপেক্ষা করেছি। আমরা সত্যিটা জানতে চাই। পাবলিকলি ওদের জানাতে হবে, কী ঘটেছিল রাহুলের সঙ্গে।’
২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।