বিনোদন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম
পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা True Love In Disguise (ছদ্মবেশী ভালোবাসা)। মাইক্রোড্রামা স্বল্পদৈর্ঘ্যে পর্বভিত্তিক ধারাবাহিক কনটেন্ট, যেখানে প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে। যা দেখতে হয় ভার্টিক্যাল মোডে।
অল্প সময়ের মধ্যে দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং আকস্মিক মোড় তুলে ধরাই এর বৈশিষ্ট্য। ছোট পর্ব ও সংক্ষিপ্ত সময়ের কারণে মাইক্রো ড্রামা বিশেষভাবে মোবাইল ফোনেদেখার উপযোগী এবং বর্তমান ব্যস্ত জীবনে দর্শকদের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠছে।
ভালোবাসা কখনও পরিকল্পনা মেনে আসে না তবুও নিয়তি ঠিকই নিজের পথ খুঁজে নেয়। চায়নিজ মাইক্রোড্রামা ছদ্মবেশী ভালোবাসা এমনই এক চমকপ্রদ প্রেমের গল্প, যেখানে গোপন পরিচয়, ভুল বোঝাবুঝি আর অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ মিলিয়ে তৈরি হয়েছে ভিন্নধর্মী রোমান্স।
খ্যাতিমান ডিজাইনার অ্যাভ্রিল ল্যাভিন ও প্রভাবশালী ব্যবসায়ী ফু ইয়ানসি দুজনেই পরিবারের ঠিক করা সম্পর্ক থেকে সরে এসে নিজেদের মতো করে ভালোবাসা খুঁজতে চায়। কিন্তু ভাগ্যের খেলায় ছদ্মবেশেই তাদের দেখা হয়ে যায়, জন্ম নেয় প্রেম, আর শুরু হয় এক অজানা যাত্রা। শেষ পর্যন্ত যখন সত্য প্রকাশ পায়, তখন তারা আবিষ্কার করে এই ভালোবাসার পথটা শুরু থেকে ঠিক করে রেখেছিল তাদের পরিবারই।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। মোর্শেদ সিদ্দিকী মরুর প্রজেক্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে দীপ্তর কণ্ঠাভিনয় টিম।