বিনোদন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম
দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায়। দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার গুঞ্জন উঠেছে এক ব্যবসায়ীকে বিয়ে করে অভিনয় জগত থেকে সম্পূর্ণ বিদায় নিচ্ছেন। যা নজর এড়ায়নি অভিনেত্রীর। এসব ভিত্তিহীন খবরে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তৃষা তার সোশ্যাল মিডিয়া স্টোরিতে গুঞ্জনের প্রতিক্রিয়ায় উপহাস করে লিখেছেন, ‘আমি নাকি চলচ্চিত্রে কাজ করা ছেড়ে দিয়েছি, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে। আমার নাকি চারটি যমজ সন্তান রয়েছে যাদের বয়স এখন দুই বছর! আর কিছু কি বাকি আছে, নাকি আজকের মতো গালগল্পের কোটা পূর্ণ হয়েছে?’
![]()
সম্প্রতি দক্ষিণী সুপারস্টার অভিনেতা বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলে রহস্যময় এক পোস্টে তৃষা লিখেছিলেন, ‘ভালোবাসাই সবকিছু নয়, অথচ ভালোবাসা ছাড়া কোনোকিছুর অর্থ নেই।’
অন্য এক পোস্টে তিনি বিবাদে না জড়িয়ে মনের শান্তিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমি এখন জীবনের এমন এক পর্যায়ে আছি যেখানে আমি আর কারো সাথে তর্কে জড়াই না। আপনি যদি বলেন হাতি উড়তে পারে, তবে আমি বলব আপনি একদম ঠিক। এর মানে এই নয় যে আমি আপনার সাথে একমত, বরং এর কারণ হলো আপনাকে বোঝানোর মতো আগ্রহ আমার নেই। তর্কে জেতার চেয়ে মনের শান্তি অনেক বেশি মূল্যবান। ব্যাখ্যা দেওয়ার চেয়ে নীরবতা ভালো, কারণ সবাই আপনার সময় ও শ্রম পাওয়ার যোগ্য নয়।’

অন্যদের মতামত নিয়ন্ত্রণ করা যে অসম্ভব, সেই সত্যটিও তিনি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, “আপনি কখনোই অন্য মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার কাজ শুধু নিজের জীবনটা ভালোভাবে কাটানো। সততার সাথে কথা বলুন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন এবং দিনশেষে এই ভেবে শান্তিতে ঘুমান যে আপনি আপনার সেরাটা দিয়েছেন। সবাইকে খুশি করা আপনার পক্ষে সম্ভব নয়।”
দুই দশকেরও বেশি সময় ধরে টলিউড ও কলিউডে রাজত্ব করা তৃষা বর্তমানে দক্ষিণি সিনেমার ব্যস্ত অভিনেত্রী।
ইএইচ/