বিনোদন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম
জনপ্রিয় তামিল টেলিভিশন সিরিজ ‘কায়াল’ খ্যাত অভিনেত্রী সুভাশিনী বালাসুব্রমানিয়াম আর নেই। চেন্নাইয়ের ইয়াপ্পানথাঙ্গল এলাকায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। সোমবার (৬ এপ্রিল) অভিনেত্রীর মৃত্যুতে দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সুভাশিনীর রহস্যজনক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্ত এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগে স্বামী বিপিন চন্দ্রের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সুভাশিনী। সেই সময় তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মৃত্যুর মাত্র দুদিন আগে ৪ এপ্রিল ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন সুভাশিনী। সেখানে তাকে জঙ্গলের মাঝে প্রকৃতির সান্নিধ্যে হাসিখুশি মনে হাঁটতে দেখা যায়। ক্যাপশনে লিখেছিলেন, ‘লাইফ লেটলি’। সেই ভিডিওটি অভিনেত্রীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।
চেন্নাই পুলিশ সুভশিনীর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, স্বামীর সাথে ভিডিও কলে থাকাকালীনই তিনি আত্মহত্যা করেন। ঘটনাটি দেখে তার স্বামী তাৎক্ষণিকভাবে অভিনেত্রীর বাসভবনের নিরাপত্তারক্ষীদের জানান এবং তারাই পুলিশে খবর দেন।
আগামী ১২ এপ্রিল সুভাশিনীর ৩৭তম জন্মদিন ছিল এবং ২১ এপ্রিল ছিল তার দ্বিতীয় বিবাহবার্ষিকী।
সুভাশিনীর ক্যারিয়ারের একনজরে
সুভাশিনীর বিনোদন জগতে যাত্রাটা মোটেও সহজ ছিল না। শ্রীলঙ্কা থেকে চেন্নাইয়ে এসে শোবিজে ক্যারিয়ার গড়ার জন্য তিনি অসংখ্যবার অডিশন দিয়েছেন। ২০১২ সালে ‘ইনি আভান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়।
সান টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কায়াল’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ভক্তদের কাছে তিনি ‘শাসভি বালা’ নামেও বেশ পরিচিত ছিলেন।
ইএইচ/