images

বিনোদন

অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যে রায় আদালতের  

বিনোদন ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

হলিউড চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা জাস্টিন বলডোনির বিরুদ্ধে অভিনেত্রী ব্লেক লাইভলির দায়ের করা যৌন হয়রানির অভিযোগগুলো খারিজ করে দিয়েছেন একজন ফেডারেল বিচারক। লাইভলির করা মামলার ১৩টি অভিযোগের মধ্যে ১০টি বাতিল করেছেন বিচারক। অবশিষ্ট তিনটি অভিযোগ বলডোনির প্রযোজনা সংস্থা ও অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে।

অভিযোগে লাইভলি দাবি করেন, ‘ইট এন্ডস উইথ আস’ ছবির সহ-অভিনেতা ও পরিচালক বলডোনি শুটিং চলাকালীন তাঁকে যৌন হয়রানি করেছেন। পরবর্তীতে হয়রানির বিষয়ে মুখ খোলায় প্রতিশোধ হিসেবে বলডোনি তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা রটানোর অভিযোগও তোলেন লাইভলি। তবে বলডোনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

image

বৃহস্পতিবার জারি করা এক আদেশে ডিস্ট্রিক্ট জজ লুইস লিমান লাইভলির মামলার অধিকাংশ অভিযোগ খারিজ করেন। যার মধ্যে যৌন হয়রানি ও মানহানির অভিযোগও রয়েছে।

তেরোটি দাবির মধ্যে বর্তমানে কেবল তিনটি টিকে আছে: প্রতিশোধ গ্রহণ (রিটালিয়েশন), প্রতিশোধ গ্রহণে সহায়তা করা এবং চুক্তি ভঙ্গ। অবশিষ্ট দাবিগুলোর কোনোটিতেই বলডোনি সরাসরি অভিযুক্ত নন। তবে তাঁর প্রযোজনা সংস্থা ‘ওয়েফেয়ারার’, একটি জনসংযোগ (PR) প্রতিষ্ঠান এবং ছবির সঙ্গে যুক্ত এলএলসি (LLC) বিবাদী হিসেবে রয়েছে।

সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে ওয়েফেয়ারারের প্রতিনিধিরা জানিয়েছেন, আদালত ব্যক্তিগত বিবাদীদের বিরুদ্ধে থাকা সমস্ত যৌন হয়রানির অভিযোগ খারিজ করে দেওয়ায় তাঁরা সন্তুষ্ট। বিবৃতিতে বলা হয়েছে, ‘এগুলো অত্যন্ত গুরুতর অভিযোগ ছিল। আদালতের রায়ে আমরা আদালতের কাছে কৃতজ্ঞ। এখন মামলাটি অনেকটা ছোট হয়ে এসেছে এবং আমরা আদালতে আত্মপক্ষ সমর্থনে প্রস্তুত।’

image

এক বছরেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের চূড়ান্ত বিচার প্রক্রিয়া আগামী ১৮ মে শুরু হওয়ার কথা রয়েছে। লাইভলির আইনজীবী সিগ্রিড ম্যাকলি এক বিবৃতিতে বলেন, ‘এই মামলাটি মূলত প্রতিশোধমূলক আচরণের বিরুদ্ধে ছিল এবং বিবাদীরা ব্লেক লাইভলির সম্মানহানি করতে যে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিলেন, তা বিচারেই প্রমাণিত হবে। ব্লেক শুটিং সেটে নিরাপত্তার পক্ষে দাঁড়িয়েছিলেন বলেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, লাইভলি মনে করেন তাঁর জন্য সবচেয়ে বড় বিচার হলো সেইসব মানুষ ও তাদের কৌশলগুলোকে উন্মোচন করা, যারা ডিজিটাল আক্রমণের মাধ্যমে নারীদের কণ্ঠরোধ করতে চায়। তিনি আদালতে সাক্ষ্য দিতে মুখিয়ে আছেন, যাতে অনলাইনে এ ধরনের প্রতিশোধমূলক প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহজ হয়।

অন্যদিকে অভিনেতা বলডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান বলেছেন, ‘আমাদের মক্কেলরা ভালো মানুষ, তাঁরা কোনো যৌন হয়রানির সঙ্গে যুক্ত ছিলেন না। আদালতের রায়ে আইনিজীবী দলের বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।’

২০২৪ সালে কলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘ইট এন্ডস উইথ আস’-এর শুটিং চলাকালীন হয়রানির ঘটনার সূত্রপাত। সেই সময় ‘নিউ ইয়র্ক টাইমস’ প্রথম জানায় লাইভলি ক্যালিফোর্নিয়া সিভিল রাইটস ডিপার্টমেন্টে বলডোনির বিরুদ্ধে অভিযোগ করেছেন। পরবর্তীতে তিনি নিউ ইয়র্ক ফেডারেল কোর্টে বলডোনি ও তাঁর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা করেন।

image

অভিযোগে লাইভলি দাবি করেন, বলডোনি শুটিং সেটে নিজের ব্যক্তিগত যৌন জীবন ও পর্ন আসক্তি নিয়ে কথা বলতেন। এ ছাড়া স্ক্রিপ্টে ছাড়াই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিযোগও তোলেন তিনি। 

ইএইচ/