images

বিনোদন

হাসপাতালে জুবিনের স্ত্রী, স্বামীর শোকে অসুস্থ! 

বিনোদন ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রয়াত গায়ক জুবিন গার্গের স্ত্রী গরিমাকে। স্বামীর শোকে মুষড়ে পরেছিলেন তিনি। এবার অসুস্থতায় হতে হলো শয্যাশয়ী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল শুক্রবার দুপুর প্রায় ২টা ৩০ মিনিটে গরিমাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় ঝুঁকি এড়াতে তাকে দ্রুত ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার রক্তে শর্করার মাত্রা উদ্বেগজনকভাবে কমে প্রায় ৬০ মিগ্রা/ডেসি লিটারে নেমে গিয়েছিল। চিকিৎসকদের মতে, গত কয়েকদিন ধরে পর্যাপ্ত ঘুমের অভাব, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং তীব্র মানসিক চাপই এই শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছে।

ডা. চন্দন মোদকের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক গরিমার চিকিৎসা করছেন। চন্দন জানান, গরিমা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধকল কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েকদিন লাগবে তার। তারপরই ছাড়া হবে হাসপাতালকে।

গেল বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে স্কুবা ডাইভিংয়ে যান জুবিন গার্গ। সেখানে তাকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।