বিনোদন ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম
এবারের ঈদে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সে চলছে। আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘দম’ আগামী ২৪ এপ্রিল থেকে সকল সিনেমা হলে একযোগে দেখা যাবে বলে জানিয়েছেন এর প্রযোজক শাহরিয়ার শাকিল।
বুধবার (০১ এপ্রিল) দম’র প্রিমিয়ার হয়েছে। সেখানে শাহরিয়ার শাকিল বলেন, ‘শুরু থেকেই দমকে ভালোবাসায় রেখেছেন দর্শকরা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও দম ঘিরে আগ্রহ রয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রদর্শনী হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিয়েটারে দম দেখা যাবে। সেইসঙ্গে আগামী ২৪ এপ্রিল বাংলাদেশের সকল সিনেমা হলে একযোগে চলবে দম। আশা করব, বরাবরের মতো দর্শকরা বাংলা সিনেমার পাশে থাকবে।’
মুক্তির পর থেকেই সব শ্রেণির দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছে ‘দম’। ব্যবসায়িক দিক দিয়েও সিনেমাটি শীর্ষ অবস্থানে রয়েছে। দর্শক চাহিদার ধারাবাহিকতায় ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারেও। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী হয়েছে। এবার উত্তর আমেরিকায় প্রদর্শিত হবে ‘দম’। আগামী ১০ এপ্রিল নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস-এ প্রিমিয়ারের মাধ্যমে সিনেমাটির যাত্রা শুরু হবে। এরপর এক সপ্তাহ প্রদর্শনীর পর ১৭ এপ্রিল থেকে পুরো যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।