বিনোদন প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম
ধর্মের টানে মিডিয়া ছাড়ার এক বছরের মাথায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা। সামাজিক মাধ্যমে তার সাম্প্রতি একটি পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন উঠেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ তার পোস্টে অনুরাগীরা বিয়ের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন। তবে লুবাবা কোনো প্রতিক্রিয়া দেননি।
একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’
এ বিষয়ে লুবাবার মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিয়ের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছে লুবাবা। সোশ্যাল মিডিয়ায় আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় বেশ প্রশংসা পাচ্ছে সে।
সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিল অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছে বেশকিছু নাটকে। বিজ্ঞাপন ও সিনেমায়ও দেখা গেছে তাকে।