images

জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জাতীয় আহ্বানের অংশ হিসেবে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। দাফতরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে এ সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

এ ছাড়া অফিস চলাকালে শুধু প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, অফিস কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান ও এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। করিডোর, সিঁড়ি, ওয়াশরুমসহ বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখতে হবে। অফিস সময় শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে।

সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং অফিস কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়িসহ সব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়ন ও তদারকির জন্য সব দফতর, সংস্থা ও কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এআর