images

বিনোদন

জুবিনের নামে বিরল প্রজাতির প্রজাপতির নামকরণ 

বিনোদন ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

মৃত্যুর ছয় মাস পরও আগের মতোই টাটকা জুবিন গার্গের স্মৃতি। বরং জনপ্রিয় এই গায়ককে মনে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার জুবিনের নামে নামকরণ করা হলো এক বিরল প্রজাতির প্রজাপতির। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভারতের অরুণাচল প্রদেশের ঘন জঙ্গলে সন্ধান মিলেছে এক নতুন প্রজাতির প্রজাপতির। জুবিনের নামে ওই প্রজাপতির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘ইউথালিয়া জুবিনগর্গি’। এই নামকরণের মাধ্যমে ওই অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্যকে তুলে ধরার পাশাপাশি প্রয়াত শিল্পীর সাংস্কৃতিক প্রভাবকেও সম্মানিত করা হয়েছে। বলে মনে করছেন অনেকে। 

অবশ্য জুবিনের নামে নামকরণ এবারই প্রথম না। এর আগে মানস জাতীয় উদ্যানে পাওয়া গিয়েছিল নতুন প্রজাতির একটি গাছ। সেই গাছের নামকরণও করা হয়েছিল জুবিনের নামে। এছাড়া আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে সদ্যোজাত এক হস্তিশাবকের নামকরণও করা হয়েছিল জুবিনের গান ‘মায়াবিনী’র নামে। 

গেল বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে স্কুবা ডাইভিংয়ে যান জুবিন গার্গ। সেখানে তাকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।