images

বিনোদন

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আমেরিকার ভিসা বাতিল ‘ওয়ারফেজ’ সদস্যের

বিনোদন ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ১০:৪০ এএম

বছর দুয়েক আগে পথচলার চল্লিশ বছর পূর্ণ করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’। সে উপলক্ষে ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ পরিকল্পনা করেছিল। গিটার, ড্রামসহ নানা বাদ্য যন্ত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন ব্যান্ডের সদস্যরা। কিন্তু ফিলিস্তেনের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেওয়ায় আমেরিকা ট্যুর থেকে ছিটকে পড়েন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। তাঁর ভিসা আবেদন বাতিল করে দিয়েছিল মার্কিন দূতাবাস। 

image

গিটারিস্ট কমল লেখাপড়ার জন্য নব্বই দশকে আমেরিকায় পাড়িয়েছিলেন। কিন্তু সড়ক দুঘটনায় নিজের ছোট ভাইকে হারিয়ে সপরিবারের দেশে ফিরে আসেন। পরবর্তীতে আর কখনও দেশটি যাওয়ার চেষ্টা করেননি। তবে ২০২৪ সালে ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’জন্য ভিসা আবেদন করেন। মার্কিন দুতাবাস ব্যান্ড দলের সবাইকে ভিসা দিলেও কমলকে দেননি। এ বিষয়ে এক পোস্টে তিনি লিখেছেন, ‘২০২৪ সালে ওয়ারফেজের ইউএসএ ট্যুরের জন্য আমি ভিসার আবেদন করি। আমাকে ভিসা রিজেক্ট করা হয়। এতে আমার কোনো অনুশোচনা নেই। আমি যে আমেরিকা দেখে এসেছি, ওই আমেরিকা আর নেই। আমার কাছে আমেরিকা পড়াশোনা করতে যাওয়ার একটি জায়গা ছাড়া নতুন কিছুই নয়।’ 

চলতি বছরের গ্রীস্মে যুক্তরাষ্ট্র সফরে যাবে ওয়ারফেজ। তবে ভিসা নিয়ে অনিশ্চয়তায় আছেন তিনি। কমল জানিয়েছেন আমেরিকার ভিসা না পেলেও কোনো আক্ষেপ নেই তার। বরং বলিষ্ট কণ্ঠে জানিয়েছেন, আমৃত্যু তিনি সত্যের পক্ষে থাকবেন। 

image

কমলের কথায়, ‘এই বছর সামারে ওয়ারফেজের আমেরিকান ট্যুর আছে। আমার মনে হয় না আমি আমেরিকা যেতে চাই। দরকার নেই আমেরিকায় শো করা। আমি মানবতায় বিশ্বাসী। যে দেশে যাওয়ার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ফ্রি প্যালেস্টাইন লিখতে পারব না, সেই দেশে আমার যাওয়ার দরকার নেই। ওই দেশটা আমার জন্য অপয়া।’

সবশেষে কমল লিখেছেন, ‘দেশের মাটিতেই থাকব এবং সত্যকে সত্য বলব। সব সময় বলেছি, আমার সংগীত শুধু বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষীদের জন্য। কখনো বিশ্ব জয়ের ইচ্ছা হয়নি। সত্যকে সত্য বলব।’