ঢাকা মেইল ডেস্ক, বিনোদন প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম
দেশাত্মবোধক গানগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’। গানটি লিখেছেন গীতিকার নজরুল ইসলাম বাবু। সুরকার অজিত রায়ের কালজয়ী গানটি গেয়েছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে গানটি। নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
নতুন আয়োজনে তৈরি গানটিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী, জাহিদ রেজা চৌধুরী, সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের সঙ্গে গলা মিলিয়েছে একঝাঁক শিশুশিল্পী। গ্রামীণফোন, গ্রে ঢাকা এবং ফুলস্ক্রিন ফিল্মিসের যৌথ উদ্যোগে তৈরি গানটির ভিডিওতে দেখা গেল তাঁদের। ভিডিও বানিয়েছেন ইফতেখার মাহমুদ ওশিণ।
নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিন বলেন, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার—সাবিনা ইয়াসমিনের কন্ঠের এই দেশাত্মবোধক গানটি সবসময়ই স্বাধীনতার চেতনাকে গাঢ় করে, দেশের প্রতি ভালোবাসার গভীরতাকে দৃঢ় করে। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গানটিকে নতুনভাবে উপস্থাপন করার। আশা করছি নতুন আয়োজনে নির্মিত গানটিও সবার ভালো লাগবে।’
ইফতেখার মাহমুদ ওশিণ আরও বলেন, ‘এবারের ভিজ্যুয়ালে আমরা চেষ্টা করেছি সব বয়সী দর্শককে কানেক্ট করতে। বিশেষ করে বাচ্চাদের। ওদের এখন গড়ে ওঠার সময়। এখন থেকেই তাদেরকে দেশপ্রেমে উদ্ধুব্ধ করা উচিত। সেই চেষ্টাটাই করেছি আমরা।’