images

বিনোদন

এবার অস্ট্রেলিয়ায় যাচ্ছে ‘দম’ 

বিনোদন ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে চলছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। সিনেমাটি ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। সর্বোচ্চ শো নিয়ে সিনেপ্লেক্সে দম’র প্রায় শোই যাচ্ছে হাউজফুল! ক্রমেই বাড়ছে শো।

দর্শক চাহিদায় ঈদের প্রথম সিনেমা হিসেবে ‘দম’র আন্তর্জাতিক যাত্রা শুরু হচ্ছে! আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সিনেমাটি অস্ট্রেলিয়ায় প্রদর্শন হবে। 

আগামী শুক্রবার, ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটির প্রদর্শনী হবে। পরের দিন বিকেল ৫টায় প্রসপেক্ট-এ। সমাপনী দিন অর্থাৎ ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় ‘দম’ দেখা যাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল।

তিনি বলেন, ‘শুরু থেকেই দম ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। গত চার দিনে যে দর্শক সাড়া পাচ্ছি, তাতে আমি একটা নেগেটিভ রিভিউ দেখিনি। ক্রমেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। এমন সময় আন্তর্জাতিক বাজারে ঈদের প্রথম সিনেমা হিসেবে দম মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর।’

এদিকে, ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ৫ সিনেমার মধ্যে দর্শকপ্রিয়তা আর আয়ের দৌড়ে এগিয়ে আছে ‘দম’। মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি!

সিনেমা হলগুলো ঘুরে দেখা গেল, এবারের ঈদে ভায়োলেন্স নয়, পারিবারিক ও কাহিনি নির্ভর সিনেমার প্রতি ঝোঁক বেশি সিনেপ্রেমীদের। যে কারণে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।

অ্যাকশনের বদলে জীবনমুখী গল্পের সিনেমার প্রতি দর্শকদের প্রবল আগ্রহ বাড়ায় ‘দম’র প্রায় সবকটি শো চলছে হাউজফুল। যেখানে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউজফুল, যা নিশোর ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।