বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম
সংগীতশিল্পী হিসেবে আগে থেকেই আলোচিত ও জনপ্রিয় আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর খেলা বিষয়ক বিভিন্ন মন্তব্য করেও থাকছেন আলোচনার টেবিলে। এবার গায়কের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগের নথি অনুযায়ী, গত ৪ মার্চ ২০১৬ তারিখে দুপুর ১২টার দিকে আসিফের অনুরোধে একটি বড় লেনদেন সম্পন্ন হয়। সালাহউদ্দিন ভূঞা জানান, ডা. কাজী মাজহারুল ইসলাম এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে গায়ককে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থের একটি অংশ আসিফের স্ত্রী সালমা আসিফের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ সরাসরি নগদে দেওয়া হয়েছিল।
সালাহউদ্দিন ভূঞা দাবি করেন, অর্থ লেনদেনের পর আসিফ তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইলে আসিফ সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
গেল অক্টোবর মাসে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
ইএইচ/