বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম
ডিসিপি জটিলতার কারণে শাকিব খানের ঈদের ছবি ‘প্রিন্স’ এতদিন অধরা ছিল স্টার সিনেপ্লেক্সে। অবশেষে আজ ২৪ মার্চ ঈদের চতুর্থ দিন সিনেপ্লেক্সে এসেছে সিনেমাটি। খবরটি সামজিক মাধ্যমে নিশ্চিত করেছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
স্টার সিনেপ্লেক্সের ফেসবুকে প্রকাশ করা হয়েছে ‘প্রিন্স’-এর পোস্টার। সেখানে লেখা হয়েছে, ‘প্রিন্স’ এখন চলছে বড় পর্দায়—অ্যাকশন, ড্রামা আর এন্টারটেইনমেন্টে ভরপুর এক অভিজ্ঞতা।
দর্শকদের আহ্বান জানিয়ে লেখা হয়েছে, চলে আসুন নিকটস্থ যেকোনো ব্রাঞ্চের টিকিট কাউন্টারে। আজই দেখে ফেলুন প্রিন্স। অন্যদিকে প্রযোজনা সংস্থা থেকে জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় চলবে ‘প্রিন্স’।
ঈদের দিন মুক্তি পেলেও একাধিকবার ডিসিপি জটিলতার কারণে সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শন সম্ভব হয়নি। এতে হতাশ হন শাকিবের দর্শকরা। অনেকে বিরস মুখে ফিরে যান। অবশেষে আজ যেন হাসি ফুটছে তাদের মুখে।
এবারের ঈদে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘প্রিন্স’। সিনেপ্লেক্স ব্যতীত বাকি মাল্টিপ্লেক্সগুলোতে রমরমিয়ে চলছিল। এবার স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে ছবিটি।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
পর্দায় প্রথমবারের মতো শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তাসনিয়া ফারিণ ও টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।