বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
বছর দুয়েক আগে মা হারিয়েছেন অভিনেতা আরিফিন শুভ। মা হারানোর শোকের ক্ষত এখনও শুকায়নি; বিশেষ করে ঈদের সময় মায়ের অভাব তাকে ভীষণভাবে তাড়িয়ে বেড়ায়। মায়ের মৃত্যুর পর থেকে তাঁর ব্যবহৃত শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে ঈদ উদযাপন করেন শুভ। এবারের রোজার ঈদেও তার ব্যতিক্রম হয়নি।
ঈদুল ফিতর উপলক্ষে সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেতা। ভিডিও বার্তায় তিনি জানান, তাঁর পরনের পাঞ্জাবি কোনো দামি ব্র্যান্ডের পোশাক নয়, বরং প্রয়াত মায়ের স্মৃতিকে জড়িয়েই এবারের ঈদ উদযাপন করছেন তিনি।
ভিডিও বার্তায় শুভ বলেন, ‘এইবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দুই বছর ধরে আমি একটা কাজ করছিলাম “জ্যাজ সিটি” নামে, সেটি সম্প্রতি মুক্তি পেয়েছে। আপনারা দেখলে খুশি হব।’
তিনি আরও যোগ করেন, ‘আমার ঈদ তো আগের মতোই—মায়ের শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে সকালে মায়ের কবর জিয়ারত করতে গিয়েছি। এরপর বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাব, আড্ডা দেব, খাওয়া-দাওয়া করব।’
সবশেষে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আরিফিন শুভ বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একসঙ্গে থাকা। আশা করি, এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।’
ঈদের দুই দিন আগে (১৯ মার্চ) সনি লিভে মুক্তি পেয়েছে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজ। সিরিজটির পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে। জিমি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
ইএইচ/