বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম
গেল কয়েক বছর ধরে শাকিব খানের সিনেমা ছাড়া ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় না। এবারের রোজার ঈদেও তার ব্যতিক্রম ঘটেনি। দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড মেগাস্টারের নতুন সিনেমা ‘প্রিন্স’। তবে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মাঝে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এরই মাঝে খবর পাওয়া গেল, শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন এই অভিনেতা।
জানা গেছে, তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিংয়ের জন্য তিনি বিদেশ সফরে গেছেন। তবে উৎসবের এই মাহেন্দ্রক্ষণে প্রিয় তারকার দেশ ছাড়ার খবরে সামাজিক মাধ্যমে অনেক ভক্তই আক্ষেপ প্রকাশ করেছেন। অন্যদিকে, দেশজুড়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলছে ‘প্রিন্স’। বিশেষ করে সার্ভার জটিলতার কারণে অনেক হলে সিনেমাটি প্রদর্শিত না হওয়ায় বিক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ঈদের সিনেমার এমন সংকটময় মুহূর্তে প্রচার-প্রচারণা ফেলে শাকিবের বিদেশযাত্রায় অনেক ভক্তই ক্ষুব্ধ। নেটিজেনদের কেউ কেউ মেগাস্টারকে খোঁচা দিয়ে বলছেন, হয়তো শাকিব খান আগেই আঁচ করতে পেরেছিলেন যে ‘প্রিন্স’ আশানুরূপ ব্যবসা করতে পারবে না। ব্যর্থতার দায় এড়াতে তিনি তড়িঘড়ি করে নতুন সিনেমার কাজে যোগ দিয়েছেন। তবে মালয়েশিয়া যাওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন অভিনেত্রী সাবিলা নূর। এছাড়াও এই ছবিতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে।
ইএইচ/