Dhaka Mail Logo

বিনোদন

আট বছরের প্রেম, ঈদের দিন স্বামীকে পরিচয় করিয়ে দিলেন নীলাঞ্জনা নীলা

বিনোদন ডেস্ক

২২ মার্চ ২০২৬, ১০:০১ এএম

গত ফেব্রুয়ারিতে অনেকটা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। এত দিন বিষয়টি আড়াল করে রেখেছিলেন। শনিবার (২১ মার্চ) ঈদের দিন নিজের বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করে নীলা জানান, তার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। আট বছর আগে তাদের পরিচয়। দুই পরিবারের সম্মতিতে গত ৬ ফেব্রুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হয়।

image

পোস্টে নীলাঞ্জনা নীলা লেখেন, ‘আট বছর আগে, আমাদের কোনো ধারণাই ছিল না জীবন আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা ছিলাম কেবল দুজন মানুষ, বেড়ে উঠছিলাম, হাসছিলাম, একটু দুরন্ত, চিন্তামুক্ত। কখনই ভাবিনি যে একদিন আমরা এভাবে একে অপরের কাছে এসে পৌঁছাব। আর তারপর, এই যাত্রাপথের কোনো এক জায়গায়, কোনো জোরজবরদস্তি ছাড়াই, এমনকি নিজেরাও না বুঝে, তুমি আমার মানুষ হয়ে গেলে।’

image

অভিনেত্রী যোগ করেন, ‘ঈদের এই সুন্দর দিনে, আমি আমার হৃদয়ের কথাগুলো সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’
২০১৪ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়ে নীলা শোবিজে পা রাখেন। পরিচালক বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। নাটক ও সিনেমার পাশাপাশি জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন। 

ইএইচ/