images

বিনোদন

বড় হয়ে ঈদ সেলিব্রেশন জীবন থেকে হারিয়ে গেছে: সাবিলা নূর

বিনোদন ডেস্ক

২১ মার্চ ২০২৬, ০১:২৬ পিএম

গত বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে সাবিলা নূরের। প্রথম সিনেমাতেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এবারের ঈদে মুক্তি পেয়েছে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। বর্তমানে সিনেমা নিয়েই রাজ্যের ব্যস্ততা। শৈশবের ঈদে আনন্দ ছিল অনেক গুণ বেশি—সম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সাবিলা।

image

তিনি বলেন, ‘শৈশবের ঈদগুলোই বেশি আনন্দের ছিল। সেই দিনগুলো এখন খুব মিস করি। বড় হয়ে ঈদ সেলিব্রেশন বিষয়টাই যেন জীবন থেকে হারিয়ে গেছে, যা নিয়ে এখন আফসোস কাজ করে।’

ছোটবেলার স্মৃতি টেনে সাবিলা নূর বলেন, ‘আমার ছোটবেলা কেটেছে চট্টগ্রামে। ওই সময়ের ঈদগুলো ছিল ভীষণ আনন্দের। ঈদের আগের রাতে আমরা বন্ধুরা মিলে অনেক মজা করতাম। ঈদের দিন নতুন জামা পরে বড়দের সালাম করতাম, সালামি নিতাম—সব মিলিয়ে খুব সুন্দর সময় ছিল।’

image

শৈশব এবং বর্তমান ঈদের মধ্যে অনেক ফারাক। অভিনেত্রীর কথায়, ‘এখন আর শৈশবের ঈদের মতো আনন্দ পাই না। আসলে ঈদ মানেই তো শুধু নির্দিষ্ট একটি দিন না, ঈদের আগের সময়টাও খুব উপভোগ করার মতো—কেনাকাটা, শপিং, হাতে মেহেদি দেওয়া; সবই ছিল আনন্দের বড় একটি অংশ।’

উল্লেখ্য, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় সাবিলার সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ। তারকাবহুল এ সিনেমায় দেখা যাবে শরিফুল রাজ (ডা. আশহাব), জাকিয়া বারী মম (আফিয়া), শ্যামল মাওলা (আজিজ) এবং ইন্তেখাব দিনারকে (বড় চাচা)। এ ছাড়া থাকছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন; তাকে দেখা যাবে সুরমা চরিত্রে।

image

ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’।

ইএইচ/