বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ০১:১২ পিএম
বলিউডের গণ্ডি ছাড়িয়েছেন সঞ্জয় দত্ত। দক্ষিণের সিনেমাগুলোতে তাকে দেখা যায়। বিভিন্ন চরিত্রে ধরা দেন তিনি। এবার নোরা ফাতেহিকে নিয়ে দক্ষণী সিনেমায় মুখ দেখিয়ে পড়লেন বিপাকে। অশ্লীলতার বাণে বিদ্ধ হতে হচ্ছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয়ের নতুনব কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সারকে চুনার তেরি সারকে’নামের একটি গান। এতে নোরা ফাতেহির সঙ্গে দেখা গেছে তাকে। কিন্তু গানটি ভালোভাবে নেননি নেটিজেনরা।
এরইমধ্যে ভাইরাল ওই গানটির কথাগুলোকে দ্বৈত অর্থের বলে মনে করছেন তারা। নেটিজেনদের একাংশ গানটি নিষিদ্ধের দাবি তুলেছেন। একজন লিখেছেন, ‘চরম অশ্লীলতা।’ অন্য একজন লিখেছেন, ‘এটা কী! ২০২৬ সালে এধরনের গান!’ যদিও নোরার নাচের প্রশংসাও করেছেন কেউ কেউ।
গানটি মাথা গরমের কারণ হয়েছে সংগীতের মানুষজনেরও। সংগীত পরিচালক আরমান মালিক ক্ষোভ ঝেড়েছেন। তার কথায়, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য আমি গানটি আরও একবার চালাতে বাধ্য হয়েছিলাম।’তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি সঞ্জয় দত্ত।