বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম
রেদওয়ান রনি পরিচালিত ’দম’ সিনেমা ‘ইউ’ (U) গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে ‘দম’ প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল। সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে আসন্ন ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ‘দম’।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
সম্প্রতি সিনেমাটির অফিশিয়াল পোস্টার ও ফার্স্ট লুক টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দম’। পোস্টারে আফরান নিশোর দৃঢ় ও লড়াকু চাহনি এবং টিজারে এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের আভাস পাওয়া গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার ফার্স্ট লুকের প্রতিটি দৃশ্য নিয়ে দর্শকরা কথা বলছেন, প্রশংসা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।
কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাওয়ায় স্বাভাবিকভাবেই নির্মাতা রেদওয়ান রনি উচ্ছ্বাসিত। তিনি বলেন, ’সিনেমাটি সব বয়সী দর্শকদের দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। কারণ ”দম” সিনেমায় উঠে আসবে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। পোস্টার ও টিজারে দর্শকদের যে সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। আশা করছি বড় পর্দায় সিনেমাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি অনুপ্রেরণার গল্পের মধ্যে দিয়ে নিয়ে যাবে।’
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ’সিনেমা নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত নানা রকম দাপ্তরিক কাজ করতে হয়। তার শেষ ধাপ হলো সেন্সর সার্টিফিকেট পাওয়া। সেটিও সম্পন্ন করলো ”দম”। গত আড়াই বছর ধরে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় গভীর প্যাশন নিয়ে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই এটি প্রদর্শনের অনুমতি দিয়েছেন, যা আমাদের গল্পের মৌলিকতা বজায় রাখতে সাহায্য করেছে। এই ঈদে বড় পর্দায় দর্শকদের সামনে সিনেমাটি নিয়ে আসার জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত।’
আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।