বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম
ঈদে মুক্তি প্রতিক্ষীত সিনেমাগুলোর শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সংশ্লিষ্টরা। দর্শকের নজর কাড়তে এরইমধ্যে পোস্টার টিজার প্রকাশ পেয়েছে ছবিগুলোর। এরমধ্যে অন্যতম ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিন্স’। ঈদের ছুটিতে যেসব কারণে ‘প্রিন্স’ দেখা উচিত চলুন বিশ্লেষণ করা যাক
‘প্রিন্স’-এ আগ্রহী হওয়ার অন্যতম কারণ শাকিব খান। দীর্ঘদিন গোটা ইন্ডাস্ট্রি একা টেনেছেন এ নায়ক। তার সিনেমা হলে নিয়েছে সকল শ্রেণির দর্শককে। গেল কয়েক বছর ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ দিয়ে নিজেকে মেগাস্টারের আসনে বসিয়েছেন তিনি। কখনও গ্যাংস্টার, কখনও পাগল প্রেমিক, কখনও বহুরুপী হয়ে দর্শকের মন ভরিয়েছেন। ‘প্রিন্স’-এর টিজারেও শাকিবের আগ্রাসী লুকের প্রশংসা মুখে মুখে। ওই জায়গা থেকে বলাই যায় শাকিবের জন্য হলেও ‘প্রিন্স’ দেখতে হবে দর্শকদের।

ঢাকার অপরাধ জগতের গল্প কখনও কখনও শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়। অন্ধকার জগতের চরিত্রগুলোর একেকজন যেন রহস্যমানব। বাতাসে তাদের নিয়ে নানা গল্প। কেউ দুই হাতে পিস্তল চালাতে পারদর্শী ছিলেন, কেউ কারাগারে বসে অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন, কেউ কলকাঠি নাড়তেন দেশের বাইরে থেকে। কেউ নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন, কেউ ছিলেন উচ্চশিক্ষিত। প্রিন্সেও এ শহরের অপরাধ জগতের গল্প উঠে আসছে। যা থ্রিলারপ্রিয় দর্শকদের মন ভরাবে বলে আশা করা যায়।
‘প্রিন্স’-এ কিং খানের বাহুলগ্না হতে দেখা যাবে ঢালিউডের তাসনিয়া ফারিণ ও টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডুকে। এরইমধ্যে বড়পর্দায় সফল অভিষেক হয়েছে ফারিণের। প্রিন্সে তিনি ধগরা দেবেন দিলরুবা চরিত্রে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায় জ্যোতি ছড়িয়েছেন জ্যোতির্ময়ী। দুই পারের দুই অভিনেত্রীর অভিনয় ও সৌন্দর্যে বুঁদ হতে হলেও ‘প্রিন্স’ দেখতে থিয়েটারে যেতে হবে দর্শকদের।

ক্যামেরার সামনে আগুন জ্বালাতে সক্ষম অভিনয়শিল্পীতে ঠাঁসা ‘প্রিন্স’ । এরমধ্যে অন্যতম বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ছাড়াও ‘সেক্রেড গেমস’, ‘জামতারা’, ‘দ্য রেলওয়ে মেন’, ‘মিশন রানীগঞ্জ’-এর মতো কনটেন্টে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। টিজারে তার উপস্থিতি ‘প্রিন্স’ -এ র ওজন বাড়িয়েছে। এছাড়াও পর্দায় দেখা যাবে নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারের মতো গুণী অভিনেতাদের।
এবারের ঈদের বড় আয়োজনের সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘প্রিন্স’। টিজারের শুরুর দিকের কয়েকটি দৃশ্য দেখেই তা আন্দাজ করা যায়। ভিএফএক্স নিয়ে প্রশ্ন প্রশ্ন ওঠায় এরইমধ্যে সেসব সংশোধনে সময় দিচ্ছে সংশ্লিষ্টরা। অতএব একটি ঝা চকচকে প্রোডাকশন দেখে চোখ জুড়াতে ‘প্রিন্স’ দেখা যায়।

ঈদে ক্লান্তি ভুলে নিখাদ বিনোদনে ডুব দিতে সিনেমা হলে ছোটেন সবাই। ভরপুর নাচ-গান-অ্যাকশনধর্মী সিনেমায় মেতে কিছুক্ষণের জন্য হলেও ভ্লে যেতে চান জাগতিক হিসাব নিকাশ। সেরকমই একটি সিনেমা হতে যাচ্ছে ‘প্রিন্স’। অতএব ধুন্ধুমার অ্যাকশন, স্টারডম, নাচ-গানে মেতে উঠতে উপযুক্ত সিনেমা হতে যাচ্ছে ‘প্রিন্স’।
‘প্রিন্স’ নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
আরআর