images

বিনোদন

‘উৎসব’-এর পর বাংলাদেশি সিনেমা নিয়ে আশা জেগেছিল: মাশা 

রাফিউজ্জামান রাফি

১৫ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম

গানে মন জয় করেছেন মাশা ইসলাম। এবার নাম লিখিয়েছেন অভিনয়ে। তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেসে’ দেখা যাবে তাকে। আগে ক্যামেরার সামনে দাঁড়ালেও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় তিনি। অভিজ্ঞতা ভাগ করেছেন ঢাকা মেইলের সঙ্গে। 

‘বনলতা এক্সপ্রেসে’ যুক্ত হওয়ার গল্প জানতে চাই…

আমি সংগীতশিল্পী। অভিনয় সেভাবে করা হয়নি। ছোটখাটো টিভিসিতে কাজ করেছি। কিন্তু কোনো ক্যারেক্টার কখনও প্লে করা হয়নি। প্রস্তাব পেয়েছি অনেক। কিন্তু আগাইনি। চাচ্ছিলাম ভালো কিছু দিয়ে শুরু করতে। যেটা বলার মতো হবে। ‘বনলতা এক্সপ্রেস’কে সেরকম মনে হয়েছে। তাছাড়া আমি তানিম নূর ভাইয়ের ভক্ত। তার ‘উৎসব’-এর পর বাংলাদেশি সিনেমা নিয়ে আমার আশা জেগেছিল। নিজ থেকেই তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছিলাম। তবে প্রথম কথা হয় হইচইয়ের প্রযোজক সাকিব ভাইয়ের সঙ্গে। ওনার এক মিটিংয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সম্পর্কে জানতে পারি। আমি আগ্রহ দেখালে উনি তানিম ভাইয়ের সঙ্গে কথা বলতে বলেন। তানিম ভাইয়ের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। উনি আমার গানে অনেক অ্যাপ্রিশিয়েট করেন। পরে বলি, তানিম ভাই, আপনার ফিল্মের পার্ট হতে চাই। গানেই যে রাখতে হবে তা না। ক্রু হিসেবে থাকলেও আমার জন্য বড় পাওয়া হবে। কারণ ছবিটার অংশ হতে চাই। কাজ শিখতে চাই। তানিম ভাই তখন আমাকে অডিশন দিতে বলেন। অডিশন দিই। ওনার ভালো লাগে। এভাবেই শুরু। 

masha-islam

চরিত্রটি সম্পর্কে বলবেন? 

ছোট একটি চরিত্র। অনেকটা ক্যামিওর মতো। নাম লিলি। চিত্রার বান্ধবী। গল্পের একটা পর্যায়ে তাকে দেখা যায়। 

মাইক্রোফোন ও ক্যামেরার সামনে কতটা পার্থক্য মনে হলো? 

আমি একজন পারফর্মার। পারফর্মিংয়ের জায়গা থেকে আর্টটা বুঝি। যেহেতু বড় স্টেজে পারফর্ম করে অভ্যস্ত। তাই আত্মবিশ্বাসও আছে। জড়তাও আগে থেকে কাটানো। ক্যামেরার সামনে আর মাইক্রোফোনের সামনে কীরকম থাকতে হয় ধারণাটা আছে। তবে অভিনয়ের আলাদা একটা আর্ট আছে। মুভমেন্ট, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে। সব মিলিয়ে ভিন্নতা আছে। ওটা বোঝার চেষ্টা করেছি। তাছাড়া আমি অনেক মুভি দেখি। ফিল্মের আর্টটাকেও পছন্দ করি। সবসময় ইচ্ছা ছিল সুযোগ পেলে চেষ্টা করব। খুব আনন্দিত যে ‘বনলতা এক্সপ্রেসে’র মতো বিশেষ একটি কাজের সঙ্গে শুরু হলো। 

649531425_18455067550103072_6445847095595443299_n

চরিত্রটির জন্য প্রস্তুতি কেমন ছিল? 

কিছুক্ষণ উপন্যাসটি পড়েছি। প্রতিটি ক্যারেক্টার সম্পর্কে জেনেছি। কে কীরকমভাবে ক্যারেক্টারগুলা পোট্রে করে— দেখেছি। ইমোশনগুলো বোঝার চেষ্টা করেছি। যদি আমরা আর্টের মানুষ। ইমোশন বোঝা আমাদের কাজের একটা অংশ।  

অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে? 

যদি ভালো করি তাহলে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। আমার দ্বারা যদি হয় তাহলে চেষ্টা করব। কেননা নিজেকে এক্সপ্লোর করতে চাই। ভালো ভালো প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে চাই। 

646799575_915612561384929_583730523874682253_n

গানের ব্যস্ততা সম্পর্কে জানতে চাই। 

সম্প্রতি ‘শ্রাবণী রোদ’ নামে আমার একটি একক গান বের হয়েছে। আমার ইউটিউব চ্যানেলে আছে। এছাড়া নারী দিবসে ‘নারী বাড়ি যায়’ নামে একটি গান এসেছে। পাশাপাশি ঈদের নাটকের জন্য কিছু গান করেছি। 

ঈদের প্রস্তুতি…

ঈদ পরিবারের সঙ্গে করব। কেনাকাটা হয়ে গেছে। আমি শপিং থেকে একটু দূরে থাকি। হট্টগোল, দৌড়ঝাঁপ করে শপিং আমার ধাতে সয় না। অনেক সময় সামনে পড়ে গেল। পছন্দ হলো। কিনে ফেললাম। এটাই আমার শপিং। কিন্তু শপিংয়ের উদ্দেশ্য নিয়ে বের হওয়া, জ্যাম ঠেলে যাওয়া, এক দোকান থেকে আরেক দোকানে ঘোরা কেন যেন আমার একদম ভালো লাগে না। ওগুলা মা-বাবা করেন। 

587755927_18437938030103072_2190158279996322974_n

ঈদের সিনেমা… 

এবার ঈদে দারুণ সব সিনেমা আসছে। গেল ঈদেও ‘উৎসব’সহ ভালো ভালো সিনেমা এসেছে। থিয়েটারগুলো রমরমা ছিল। এবার আসছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রেশার কুকার’, ‘রাক্ষস’, ‘প্রিন্স’। একেকটা একেক রকম সিনেমা। ভার্সেটাইল কাস্ট। আশা করি সবগুলোই দর্শকপ্রিয়তা পাবে। আমিও সবগুলো দেখার চেষ্টা করব। 

আরআর