বিনোদন প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম
গেল রোজার ঈদে ‘বরবাদ’ সিনেমাটি দিয়ে হলে তাণ্ডব চালায়। এতে শাকিব খানের ঝা চকচকে লুকে মন ভরে দর্শকের। পাশাপাশি জিল্লুর চরিত্রটি আলাদাভাবে নজর কাড়ে। ‘রাক্ষস’ ছবির ট্রেলারেও জিল্লুরের উপস্থিতি আলোড়িত করেছে দর্শককে। এবার সামাজিক মাধ্যমে ‘রাক্ষসে’র শুটিং সেটে আরও এক জিল্লুরকে দেখা গেল।
তিনি অভিনেতা জিল্লুর রহমান। ‘বরবাদে’র জিল্লুর চরিত্রটি তাকে ভেবেই লেখা হয়েছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে তার স্থলাভিষিক্ত হন কলকাতার স্যাম ভট্টাচার্য। আজ রোববার নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি দিয়েছেন জিল্লুর। ক্যাপশনে লিখেছেন, রাক্ষসের শুটিং সেট থেকে।
তবে কি ‘রাক্ষসে’ দুই জিল্লুর? জানতে চাইলে রহস্য জমিয়ে রাখলেন অভিনেতা। জানালেন, এটা সিক্রেট। এখনই কিছু বলা যাবে না। রহস্য থাকুক।
গেল ১৩ মার্চ সামাজিক মাধ্যমে এসেছে ‘রাক্ষসে’র ট্রেলার। সিয়ামের মারকাটারি অবতার, সুস্মিতা চট্টোপাধ্যায়ের সৌন্দর্যের ঝলক পলক ফেলতে দেয়নি। এরইমধ্যে দর্শক সংখ্যা ছাড়িয়েছে ১০ মিলিয়নের ঘর।
ছবিটির আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মত ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।
ছবির প্রযোজক আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।