images

বিনোদন

কে পাচ্ছেন ৯৮তম অস্কার? টিমোথি শালামে নাকি মাইকেল বি জর্ডান

বিনোদন ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম

৯৮তম অস্কার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার বিভাগে এবার জমজমাট লড়াই হতে যাচ্ছে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হলিউডের দুই জনপ্রিয় তারকা টিমোথি শালামে এবং মাইকেল বি জর্ডান। ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কারের দৌড়ে এগিয়ে আছেন টিমোথি। তবে তাঁকে ছেড়ে কথা বলছেন না মাইকেল বি জর্ডানও। ‘সিনার্স’ সিনেমায় যমজ চরিত্রে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তিনিও অস্কার পুরস্কার জয়ের দাবিদার।

বছরের শুরুতে অভিনেতা টিমোথি শালামে অস্কার দৌড়ে এগিয়ে থাকলেও বর্তমানে সেই হিসাব পাল্টে গেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, জয়ের পাল্লা এখন মাইকেল বি জর্ডানের দিকে ঝুঁকে পড়েছে। অনেকের মতে, জয়ের সম্ভাবনা এখন সমানে সমান।

image

ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি পেলেও মাইকেলের সফলতার মুকুট খালি অস্কার পালকের। এ বছর ‘সিনার্স’ সিনেমার জন্য তিনি বেশ কিছু পুরস্কার ঘরে তুলেছেন। এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর মায়ের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখন অডিশন দিতে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা ছিল না, তখন থেকেই তাঁর মা তাঁকে নিউ জার্সিতে যাতায়াতে সাহায্য করেছেন।’

ফরাসি-আমেরিকান অভিনেতা টিমোথি শালামে এর আগে ‘কল মি বাই ইয়োর নেম’ এবং ‘এ কমপ্লিট আননোন’ সিনেমার জন্য মনোনীত হলেও অস্কার জিততে পারেননি। এ বছর ‘মার্টি সুপ্রিম’-এর জন্য তিনি গোল্ডেন গ্লোব এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন। অস্কার জয়ের আকাঙ্ক্ষা নিয়ে তিনি জানান, পুরস্কার না পাওয়ার পর হেরে যাওয়ার কষ্টটা ভেতরে চেপে রাখা সহজ নয়।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১০ হাজারেরও বেশি সদস্যের ভোটে নির্ধারিত হবে কার হাতে উঠবে এই ট্রফি। কয়েক মাসব্যাপী প্রচারণার পর এখন কেবল চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।

সম্প্রতি টিমোথি শালামের একটি মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ধারণা করা হচ্ছে, অস্কার জয়ের ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ওঠা সমালোচনা কোনো প্রভাব ফেলবে না। কারণ মন্তব্যটি প্রকাশ্যে আসার আগেই অস্কারের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার হাতে ওঠে ৯৮তম অস্কার। 

ইএইচ/