বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম
কবি ও গীতিকার আমিরুল হাছানের কথা ও সুরে কণ্ঠশিল্পী কাজী সায়কের গাওয়া নতুন সুফিবাদী দেহতত্ত্বের গান ‘নিজের মায়া’-র অডিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ করে ‘গান কবিতা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
আমিরুল হাছান জানান, ‘গানটির কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন কাজী সায়ক নিজেই।’
কাজী সায়ক বলেন, ‘কবি আমিরুল হাছানের কথায় ইতোমধ্যে গানটি করেছি। গানের কথাগুলো ভিন্নধর্মী— কোনো বিশেষ কারণ ছাড়াই ভালো লাগে। সেই ভালোবাসা থেকেই তার গানে কণ্ঠ দেওয়া। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
আশির দশকের কবি বদরুল হায়দার বলেন, ‘আমিরুল হাছানের কবিতা ও গানের মধ্যে এক ধরনের বৈচিত্র্য রয়েছে। কবিতা পড়লে বোঝা যায় না গানের ভিন্নতা কোথায়, আবার গান শুনলে বোঝা যায় না কবিতার স্বাতন্ত্র্য কোথায়। তিনি কবিতা ও গানের কথা আলাদা রূপে লেখেন।’
আমিরুল হাছানের প্রতিটি গানে সুফিবাদের গভীর দর্শন উঠে আসে। শরিয়ত, মারিফত, হাকিকত ও তরিকতের ভাবনা তিনি আধুনিকতার ছোঁয়ায় গানের লাইনে লাইনে ফুটিয়ে তোলেন।