images

বিনোদন

সালামি নিয়ে দৌড়ঝাঁপ-মারামারি হতো: সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক

১২ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। আমেজ ছড়িয়েছে সবখানে। উদযাপনের জন্য প্রস্তুত সবাই। শোবিজ অঙ্গনের মানুষজনও ব্যতিক্রম নন। শত ব্যস্ততার মাঝে তাদেরও রয়েছে ঈদ পরিকল্পনা। এবারের ঈদ পরিকল্পনা নিয়ে ঢাকা মেইলের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। 

ঈদে মুক্তি পাচ্ছে সাবিলা নূর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’। তাই ঈদ প্রস্তুতি ও পরিকল্পনার পুরোটাই জুড়েই সিনেমাকে রেখেছেন। বললেন, ‘এবারের ঈদের প্রস্তুতিটা পুরোপুরি সিনেমাকে ঘিরে। ইচ্ছা আছে হলে দর্শক এবং পরিবারের সঙ্গে সিনেমাটা দেখব। সবার প্রতিক্রিয়া উপভোগ করব।’

641780682_1473544880799977_3018581774430020307_n

ঈদ প্রস্তুতির বড় একটি অংশ জুড়ে থাকে কেনাকাটা। সাবিলাও এরইমধ্যে গুছিয়ে এনেছেন। বললেন, ‘পরিবারের জন্য কেনাকাটা শেষ। নিজের জন্য সেভাবে করা হয়নি। গিফট পেয়েছি। বর দিয়েছে, শাশুড়ি দিয়েছেন। আমার বাবা-মা এবার দুই বছর পর আমার সঙ্গে ঈদ করছেন। তারাও গিফট দিয়েছেন।’ 

ঈদ মৌসুমে স্মৃতির জানলায় হাতছানি দেয় শৈশব। সে সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমার নানাবাড়ি-দাদাবাড়ি দুটোই যেহেতু চট্টগ্রামে সেহেতু পরিবারের সবাইকে নিয়ে অর্থাৎ কাজিনদের সঙ্গে খুব এনজয় করে সময় কাটানো হতো। ঘুরতে যাওয়া হতো। সালামি নিয়ে দৌড়ঝাঁপ-মারামারি হতো।’ 

642840353_1474450787376053_2051897996390609991_n

ঈদে একরত্তিদের কাছে সোনার হরিণ হলো সালামি। সাবিলার ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। বললেন, ‘নানা-নানি, দাদা-দাদির থেকে সালামি নিতাম। সবার আগে সালামি পাওয়ার প্রতিযোগিতা চলত। পাওয়ার পর মায়ের কাছে জমা দিতাম।’

‘বনলতা এক্সপ্রেসে’ চিত্রা হয়ে ধরা দেবেন সাবিলা। আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, মোশাররফ করিম প্রমুখ। 

585349199_1399154134905719_4976802049323359727_n

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ‘ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। ছবিটি নির্মাণ করেছেন তানিম নূর।

আরআর